দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করার পর থেকেই বন্ধ ছিল আউটডোর-সহ অন্যান্য বিভাগ। তাতে সমস্যায় পড়তে হচ্ছিল অন্য রোগীদের। এবার স্বাস্থ্য ভবন সিদ্ধান্ত নিল, জেডিক্যালের আউটডোর চালু করা হবে। আগামী ৮ জুন, সোমবার থেকে আউটডোর চালু হবে বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর।
শতাব্দীপ্রাচীন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৩০০ কোভিড আক্রান্ত ভর্তি রয়েছেন। তাই সংক্রমণ এড়িয়ে কী ভাবে আউটডোর খোলা যায় তার পথ বের করতে রোগী কল্যাণ সমিতি, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং আধিকারিকরা বৈঠকে বসেছেন। গ্রিন বিল্ডিং সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের করোনা আক্রান্ত এবং সারি (যাঁদের উপসর্গ রয়েছে) রোগীরা রয়েছেন। একাংশের মত, এই দুই বিল্ডিংকে আলাদা করতে পাঁচিল তুলে দেওয়া হবে। যাতে অন্যদিকে থাকা জরুরি বিভাগ, এমসিএইচ বিল্ডিং এবং এজরা বিল্ডিংয়ে পরিষেবা শুরু করা যাবে। তাতে অনেক রোগী পরিষেবা পাবেন।
তবে একাংশের চিকিৎসকের মতে, এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকবে। একই চৌহদ্দিতে কোভিড এবং অন্য রোগের চিকিৎসার পক্ষপাতী তাঁরা নন। তাই এক্ষুণি আউটডোর খোলার ব্যাপারে সহমত নন ওই চিকিৎসকরা।
গত দেড় মাস ধরে কোভিড ছাড়া অন্য কোনও রোগের চিকিৎসা হচ্ছে না মেডিক্যাল কলেজে। ফলে হেমোটোলজি, ক্যানসার বিভাগে যাঁরা নিয়মিত চিকিৎসা করাতে আসেন তাঁরা সেই সুযোগ পাচ্ছেন না। কার্ডিওলজি, কার্ডিও থোরাসিক ভাসকুলার সায়েন্সও বন্ধ। স্বাস্থ্য ভবনের মতে এসব বিভাগগুলি চালু হলে, বহু রোগী উপকৃত হবেন।
এমনিতে মেডিক্যাল কলেজের আউটডোর মানেই দূরদূরান্ত থেকে আসা মানুষের লম্বা লাইন। দেখা যায় আগের দিন রাত থেকে লাইন দিচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষ। কিন্তু এমনি সময় আর এখনকার ফারাক বিস্তর। তাই কী ভাবে আউটডোরে রোগী দেখা হবে, কী ভাবে ভিড় এড়ানো সম্ভব, সে ব্যাপারেই আলোচনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।