দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় বেপরোয়া গতির বলি ১। রেলিং ভেঙে সটান কেষ্টপুর খালে গিয়ে পড়ে একটি চারচাকা গাড়ি। জলে ডুবে মৃত্যু হয়েছে ২ যাত্রীর। পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ রবিবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, উল্টোডাঙা থেকে এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় কেষ্টপুরের কাছে ভিআইপি রোডে এই দুর্ঘটনা ঘটেছে। প্রবল গতিতে বাঁক নিতে গিয়ে লোহার রেলিং আর সিমেন্টের গার্ড ওয়াল ভেঙে সটান কেষ্টপুর খালে গিয়ে পড়ে ওই গাড়িটি। কোনওমতে পালাতে সক্ষম হন গাড়ির চালক। কিন্তু যাত্রীকে উদ্ধার না করেই পালিয়ে যায় চালক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি ট্র্যাফিক পুলিশ। তারাই ব্রেকডাউন ভ্যানের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে। গাড়িটি খাল থেকে উপরে তোলার আগে জলে নেমেই গাড়ির ভিতরে থাকা যাত্রীকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে আচমকা জলের মধ্যে গাড়িটি পড়ে যাওয়ায় দরজা আটকে গিয়েছিল কোনও ভাবেই তা খোলা সম্ভব হয়নি। জার ফলে গাড়ি উপরে তুলে এনে দরজা ভেঙে যাত্রীকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে গাড়ির ভিতর দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রতন দাস (৩২)।
জানা গিয়েছে, গতকাল রাত দেড়টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কথায় কেষ্টপুরের কাছে বাঁক নিতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। তারপর খালের রেলিং আর গার্ডওয়াল ভেঙে কার্যত উড়ে গিয়ে জলে পড়ে গাড়িটি। স্থানীয় কয়েকজন সে সময় রাস্তায় ছিলেন। তাঁরাই খবর দেন বাগুইআটি থানায় এবং ট্র্যাফিক পুলিশকে। পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। সেইসঙ্গে উদ্ধার হয় যাত্রীর নিথর দেহ।
কয়েক বছর আগে এই একই জায়গায় গতির বলি হয়েছিলেন একটি বাসে যাত্রীরা। গতি বাড়িতে অন্য বাসকে ওভারটেক করার সময়ে যাত্রীবোঝাই বাস রেলিং ভেঙে গিয়ে পড়েছিল কেষ্টপুর খালে। মৃত্যু হয়েছিল ২০ জনেরও বেশি যাত্রীর।