
শেষ আপডেট: 22 March 2019 15:12
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কলকাতায় ভোট হবে শেষ দফায়, সেই ১৯ মে। এখনও প্রচারের পারদ চড়েনি। কিন্তু রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিল শহর কলকাতায়। শুক্রবার দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসুর সমর্থনে পোস্টার লাগাতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি কর্মীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে।
এ দিন দুপুরে রাসবিহারী বিধানসভার লেক মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তিন বিজেপি কর্মী আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। এক জনের হাত ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার খবর পেয়েই হাসপাতালে যান বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু। বিজেপি-র তরফে অভিযোগ জানানো হয়েছে টালিগঞ্জ থানায়।
চন্দ্রকুমার বসুর অভিযোগ, তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থকরাই এই হামলা করেছে। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী বলেন, “মালাদেবী রাজনীতিতে সম্মাননীয় ব্যক্তি। তিনি যদি এই ঘটনা না আটকান, তাহলে তাঁর যে সম্মান রয়েছে তা থাকবে না।” এ ভাবে হামলা করে বিজেপি-কে আটকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন চন্দ্রকুমার।
তবে তৃণমূল নেতারা বিজেপি-র সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী তৃণমূল নেতা বলেন, “খেয়ে দেয়ে কাজ নেই আমরা বিজেপি-কে মারতে যাব! দক্ষিণ কলকাতায় বিজেপি-র কী আছে? দেখছেন না, জায়গায় জায়গায় কেমন প্রার্থী নিয়ে নিজেরাই মারামারি করছে। এটাও দেখুন গিয়ে তেমন কিছু কি না!”