দ্য ওয়াল ব্যুরো: ফেসবুকের পোস্টে অসম্মান করা হয়েছে জয় গোস্বামীকে। তিনি নজরুল অ্যাকাডেমির সভাপতি হিসেবে মাসে লক্ষ টাকা বেতন পান। তা সত্ত্বেও কেন চিকিৎসার জন্য সরকারি টাকা সাহায্য নিচ্ছেন, এই প্রশ্ন তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন দু’জন। তাঁদের বিরুদ্ধে আজ, শুক্রবার থানায় অভিযোগ জানালেন জয় গোস্বামীর মেয়ে দেবশ্রী। বাবার অপমান তিনি সহ্য করতে না পেরেই শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন।
বিধাননগর উত্তর থানার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন দেবশ্রী। সম্প্রতি জয় গোস্বামী করোনা আক্রান্ত হয়েছিলেন। এবং বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন। পাশাপাশি সল্টলেকের একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি ছিলেন তিনি। সেই চিকিৎসার ভার বহন করেছিল রাজ্য সরকার। তারপরই অভিযুক্ত একটি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে, ‘নজরুল অ্যাকাডেমির সভাপতি হয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার কবির। তা সত্ত্বেও তিনি সরকারি সাহায্য নিচ্ছেন কেন?
কবির পরিবার সূত্রে দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওই পোস্টে বলা হয় জয় গোস্বামীর আনুগত্য লাভের চেষ্টা করছেন তিনি।
বিষয়টিতে জয় গোস্বামীর দাবি, শুধু তিনি নন, মুখ্যমন্ত্রী সম্পর্কেও অপমানজনক তথ্য দেওয়া হয়েছে। যেটা একেবারেই ঠিক নয়। কারণ নজরুল অ্যাকাডেমির যে পদে তিনি রয়েছেন, সেটা অবৈতনিক। সেখান থেকে তিনি টাকা পান না। এটা অপমানজনক। তিনি বিষয়টিতে অসহায় বোধ করেছেন।
তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আমার আনুগত্য কিনতে চাইছেন, এটা বলে ওঁকেও খাটো করা হচ্ছে। যখন ২০০৭ সালে নন্দীগ্রামের ঘটনা ঘটল তখন মমতার প্রতিবাদে আমিও সামিল ছিলাম। তখন মমতা কি আমার আনুগত্য কিনতে চেয়েছিলেন? তা তো তিনি চাননি। আমার সম্মানহানি হয়েছে। এবং ভুল তথ্য, মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে যে আমি নজরুল অ্যাকেডেমি থেকে লক্ষাধিক টাকা পাই।
আমার স্ত্রী ও মেয়ের কাছে অনেক ফোন আসছে। সাধারণ মানুষ ওই পোস্ট সত্যি ভাবছেন। আমি এটার সুরাহা চাই।’