
শেষ আপডেট: 25 September 2019 09:08
গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু? এ নিয়ে বিতর্ক, রহস্যের অন্ত নেই। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরের ছবি ‘গুমনামি’তে ধরা দেবে সেই রহস্য। এ বছর স্বাধীনতা দিবসে সামনে এসেছিল ছবির ফার্স্ট লুক। মূল চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপর রিলিজ হয় টিজার। তারপরেই শুরু হয়ে জল্পনা। এমনকি টিজার রিলিজের ২৪ ঘণ্টার মধ্যেই আইনি নোটিস পান পরিচালক। আইনি চিঠি পাঠান দেবব্রত রায় নামের জনৈক ব্যক্তি। অবিলম্বে শ্যুটিং বন্ধের আবেদন জানান তিনি। নয়তো প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানান ওই দেবব্রত রায়।
https://www.youtube.com/watch?v=aF6m7TrpBJQ&t=30s
দেবব্রতবাবুর কথায়, ছবির টিজারে যে ভাবে গুমনামি বাবাকে দেখানো হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক, আরোপিত, হাস্যকর। তাঁর অভিযোগ, এর ফলে নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাঠানো আইনি নোটিসে তিনি লেখেন যে এই সিনেমা দেশবাসীর মধ্যে নেতাজির সম্পর্কে ভুল বার্তা ছড়াবে। তাই অবিলম্বে শ্যুটিং বন্ধ করা হোক। ওই আইনি চিঠিতে আরও লেখা হয় যে, নেতাজির মৃত্যু রহস্যের তদন্তে দায়িত্ব পাওয়া মুখার্জি কমিশনের রিপোর্টে আগেই বলা হয়েছিল গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনও মিল নেই। গুমনামি বাবাই যে নেতাজি, এর সপক্ষে কোনও প্রমাণও মেলেনি।
এই ঘটনার আগে 'গুমনামি' নিয়ে আপত্তি তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুও। তিনিও তোপ দেগেছিলেন পরিচালকের বিরুদ্ধে।