দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরেই শুরু রাখি উৎসব। তিথি অনুযায়ী অবশ্য পূর্ণিমা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাও ২৬ অগস্ট রবিবারেই রাখি উৎসবে মাতবেন ভারতবাসী।
রাখির দিন ভাইয়ের হাতে বোন রাখি বেঁধে দিচ্ছেন। এটাই তো রীতি। তবে এ বার খানিকটা অন্য মেজাজে রাখি উৎসব পালন করলেন গরুমারা জাতীয় উদ্যানের কর্মীরা। শনিবার এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোড়া পিলখানার সাতটি হাতিকে প্রথমে রাখি পরিয়ে দেন। এখানেই শেষ নয়। উৎসবের আমেজ যখন রয়েছে একটু মিষ্টি মুখ তো হতেই হবে। তাই যত্ন সহকারে ওই হাতিদের খাওয়ানো হয়েছে মুড়ির মোয়া, কলা এবং আখ। ওই স্বনির্ভর গোষ্ঠীর এক সদস্য জানিয়েছেন, সব শেষে নাকি একটু চা-ও খেয়েছে হাতিরা। দেখুন সেই ভিডিও।
https://www.youtube.com/watch?v=vS8mUHLrNec
এ বছর ভারতীয়দের জন্য রাখিতে রয়েছে অনেক চমক। ইতিমধ্যেই গুজরাটের সুরাটে তৈরি হয়েছে সোনার তবক দেওয়া (গোল্ড প্লেটেড) ২৪ ক্যারেটের মিষ্টি। যোগ্য সঙ্গত দিয়েছে ২২ ক্যারেটের সোনার রাখি। সেই রাখিতে আবার রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ছবি।উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, রাখি উৎসব মহিলাদের বিশেষ উৎসব। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাখির দিন বাসে উঠলে ভাড়া দিতে হবে না মহিলাদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন ২৫ অগস্ট মধ্যরাত থেকে ২৬ অগস্ট মধ্যরাত পর্যন্ত মহিলাদের বাস ভাড়া লাগবে না। এই নিয়ম কার্যকর হবে এসি বাসের ক্ষেত্রেও। জানা গিয়েছে, দিল্লি মেট্রোও বিশেষ ট্রেন চালাবে রাখির দিন। রবিবার সাধারণত সকাল ৮টা থেকে চলে দিল্লি মেট্রো। কিন্ত এই রবিবার রাখির জন্য সকাল ৬টা থেকে চালু হবে মেট্রো পরিষেবা।