
শেষ আপডেট: 3 May 2020 05:13
কিন্তু সুস্থ হয়ে কত জন বাড়ি ফিরেছেন, আর মৃতের সংখ্যার হিসাবে কেন্দ্র-রাজ্য বুলেটিনে মিল নেই। ১ মে-র সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে তখনও করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৩ জনের। তার পর গত দুদিনে যে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে তার আপডেট স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে নেই। শুধু তা নয়, ১ মে সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছিল বাংলায় তখনও পর্যন্ত ১৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত রাতে রাজ্যের বুলেটিন অনুযায়ী ১ ও ২ মে আরও ৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তা হিসাবে ধরলে মোট ১৯৯ জন সুস্থ কোভিড সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে লেখা হয়েছে, এদিন সকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫১জন।
পশ্চিমবঙ্গে করোনাভাইরাসের সংক্রমণে কতজন আক্রান্ত, মৃতের সংখ্যাই বা কত, তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রথম থেকে তথ্য গোপনের অভিযোগ করছেন বিরোধীরা। এ ব্যাপারে রবিবার সকালে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, “বাংলার মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। নজিরবিহীন সংকট তৈরি হয়েছে মানবজাতির সামনে। সেই পরিস্থিতিতেও কোনও সরকার এরকম লুকোছাপা করতে পারে দেখে বিষ্মিত হচ্ছি। বাংলার মানুষের দুর্ভাগ্য ছাড়া একে কী বলতে পারি!” একই মত, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীরও। তিনি বলেন, "কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির ৩০ এপ্রিল যে চিঠি পাঠিয়েছিলেন, তাতে দেখা গিয়েছিল সে দিন পর্যন্ত বাংলার ১৫ টি জেলার ৯৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু’দিন পর সেই সংখ্যা কমে গিয়ে ৯২২ হয়ে গেল। এ যেন ভানুমতীর খেল চলছে! বাংলার মানুষ এদের ক্ষমা করবে না”।