সুন্দরবন থেকে পথ ভুলে নন্দীগ্রামের খালে, জাল টেনে জ্যান্ত কুমির ধরলেন মৎস্যজীবীরা
দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরার জাল টানতেই মৎস্যজীবীরা টের পেয়েছিলেন সেটা বিশাল ভারী। টানও পড়ছে বিস্তর। ধীরে ধীরে জাল গুটোতেই চক্ষু চড়কগাছ। মাছ কোথায়? এ যে একটা আস্ত কুমির।
নন্দীগ্রামের সোনাচূড়ায় ৫ ফুট ২ ইঞ্চির পূর্ণবয়স্ক একটা কুমির ধরা পড়
শেষ আপডেট: 25 February 2022 05:01
দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরার জাল টানতেই মৎস্যজীবীরা টের পেয়েছিলেন সেটা বিশাল ভারী। টানও পড়ছে বিস্তর। ধীরে ধীরে জাল গুটোতেই চক্ষু চড়কগাছ। মাছ কোথায়? এ যে একটা আস্ত কুমির।
নন্দীগ্রামের সোনাচূড়ায় ৫ ফুট ২ ইঞ্চির পূর্ণবয়স্ক একটা কুমির ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। সেটাকে টেনে ডাঙায় তুলেছেন জেলেরা। খবর গেছে বন দফতরেও। লোহার খাঁচায় আপাতত বন্দি করা হয়েছে কুমিরকে। খেজুরি, বাজকুল এলাকায় কুমিরের বাচ্চা আগেও দেখা গেছে খালের জলে। বিশেষ করে আমফান ঘূর্ণিঝড়ের পরে সুন্দরবনের নোনা জল থেকে কুমির ঢুকে পড়েছিল খালে। তবে সেগুলো কুমিরের বাচ্চা ছিল। মৎস্যজীবীরা বলছেন, এই প্রথম সোনাচূড়ার কাঁটাখালি খালে পূর্ণবয়স্ক কুমির ধরা পড়ল।
কাঁটাখালি খাল হুগলি নদীর সঙ্গে যুক্ত। সেই পথেই কুমিরটা ঢুকে পড়েছে বলে মনে করছেন জেলেরা। স্থানীয় মৎস্যজীবী বিশ্বজিৎ ধাপড় সকাল সকাল কাঁটাখালিতে জাল ফেলেছিলেন। জালে বিশাল কিছু একটা নড়াচড়া করতে দেখে ভেবেছিলেন বড় মাছ। তারপর জাল গুটোতে গিয়েই টের পেলেন মাছ তো নয়, বড় একটা কুমির। সেটা তখন রীতিমতো ছটফট করছে, জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করছে। কুমির দেখে খানিক ভয় হলেও সেটাকে কসরৎ করে ডাঙায় তোলেন মৎস্যজীবীরা। পাশেই খেজুরির বন দফতরে খবর যায়। বনকর্মীরা সঙ্গে সঙ্গেই খাঁচা নিয়ে এসে সেটাকে পাকড়াও করেন।
বন দফতর জানাচ্ছে, যে প্রজাতির কুমির ধরা পড়েছে সেটি প্রধানত সুন্দরবনের নোনা জলেই দেখা যায়। জলের তোড়ে সেটি চলে এসেছে কাঁটাখালিতে। কুমিরটির বয়স কত তা এখনও জানাতে পারেননি বনকর্মীরা। তবে সেটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে খবর মিলেছে। কুমির দেখতে এখন বহু মানুষের ভিড় সোনাচূড়ায়। পূর্ব মেদিনীপুরের ডিএফও জানিয়েছেন, কুমিরটিকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'