বাংলায় এখনও কোভিড আক্রান্ত হাজারের কাছাকাছি, সংক্রমণের হার নামলেও উদ্বেগ কমছে না
দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক আগে সংক্রমণের (Covid) ঊর্ধ্বগতি থেমে গিয়েছিল। করোনা কার্ভও কমতে শুরু করেছিল রাজ্যে। কিন্তু যত গণ্ডগোল বাঁধে পুজোর সময়টায় এসেই। পুজোর আগে থেকেই কেনাকাটির হিরিকে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। পুজোর দিনগুলোতে প্রতিমা দ
শেষ আপডেট: 29 October 2021 14:44
দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক আগে সংক্রমণের (Covid) ঊর্ধ্বগতি থেমে গিয়েছিল। করোনা কার্ভও কমতে শুরু করেছিল রাজ্যে। কিন্তু যত গণ্ডগোল বাঁধে পুজোর সময়টায় এসেই। পুজোর আগে থেকেই কেনাকাটির হিরিকে সংক্রমণ বাড়তে শুরু করেছিল। পুজোর দিনগুলোতে প্রতিমা দর্শনে কড়াকড়ি করলেও, রাস্তাঘাটে কোভিড বিধি অনেকটাই শিথিল ছিল। রাতের কড়াকড়িও ছিল না। তাই এই সময়টাতেই করোনা সংক্রমণের হার দ্রুতগতিতে বেড়ে যায়। এখন সংক্রমণের হার বা পজিটিভিটি রেট খানিকটা কমলেও আক্রান্তের সংখ্যা কমেনি। বরং নতুন আক্রান্ত সেই হাজারের কাছাকাছিই রয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৮২। একদিনে সংক্রমণে মৃত্যু হয়েছে ৮ জনের। সমস্ত জেলার মধ্যে সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতাই। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭৩ জন, একজনের মৃত্যুও হয়েছে।
সংক্রমণের হার কিছুটা কমেছে। আজকের নিরিখে কোভিড পজিটিভিটি রেট ২ শতাংশ। কিছুদিন আগেই পজিটিভিটি রেট তিন শতাংশের বেশি ছিল। কলকাতায় সংক্রমণের হার ২.৭১ শতাংশ থেকে এক লাফে ৩.৬৫ শতাংশে পৌঁছে গিয়েছিল।
স্বাস্থ্য দফতর জানাচ্ছে, কোভিড টেস্ট অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। দিনে প্রায় ৫০ হাজারের কাছাকাছি নমুনা পরীক্ষা হচ্ছে। তবে সংক্রমিতের সংখ্যা এখনও হাজারের কাছাকাছি থাকায় চিন্তা কমছে না। স্থানীয়ভাবে লকডাউন জারি করা হয়েছে কয়েকটি জায়গায়। নবান্ন আজকের নয়া নির্দেশিকায় বলেছে, ৩০ অক্টোবর অবধি রাতের বিধিনিষেধ মানা হবে, তারপরে পরিস্থিতি বুঝে নতুন নির্দেশিকা জারি করা হবে। কালিপুজো, দিওয়ালি, ছটপুজো উপলক্ষ্যে রাতের বিধিতে ছাড় থাকবে। ৩০ তারিখের পর থেকে লোকাল ট্রেন চালু হবে। ৭০ শতাংশ উপস্থিতি নিয়ে খুলবে শপিং মল, সিনেমা হল, থিয়েটার, স্টেডিয়াম, রেস্তোরাঁ, জিম, স্পা। তবে স্বাস্থ্যবিধি মানা হবে কঠোরভাবেই। মাস্ক ছাড়া ঘুরতে দেখলেই ধরবে পুলিশ। সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলতে হবে সকলকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'