দ্য ওয়াল ব্যুরোঃ চণ্ডীতলার নৈটিতে একই পরিবারের তিনজনকে খুনে অভিযুক্তর মৃতদেহ উদ্ধার হল গোবরা স্টেশনের রেললাইন থেকে। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড শাখার তিন নম্বর লাইনে শ্রীকান্ত ঘোষের দ্বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার হয়। কামারকুন্ডু জিআরপি মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পৌঁছয় চণ্ডীতলা থানার পুলিশ। মৃতের পরিবার দেহ শনাক্ত করেছে।
জমি বাড়ি নিয়ে বিবাদের জেরে সোমবার সাতসকালে খুন হন চণ্ডীতলার নৈটি এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ (৪৫), তাঁর স্ত্রী মিতালী ঘোষ(৩৬) ও তাঁদের মেয়ে শিল্পা ঘোষ (১৭)। সঞ্জয়বাবুর জ্যাঠতুতো দাদা শ্রীকান্ত ও তপনের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে যায় শ্রীকান্ত।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে খুড়তুতো দাদা সঞ্জয় ঘোষের সঙ্গে বিবাদ ছিল শ্রীকান্তদের। পুলিশ জানিয়েছে, গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে সঞ্জয়দের বাড়িতে চড়াও হয় শ্রীকান্ত। শাবল ও চপার দিয়ে কুপিয়ে খুন করে সঞ্জয় ও তাঁর স্ত্রী মিতালীকে। চোখের সামনে এমন নৃশংস ঘটনা দেখে আতঙ্কে ছুটে পালিয়ে যাচ্ছিল ১৭ বছরের মেয়ে শিল্পা। তাকেও টানতে টানতে নিয়ে এসে চপার দিয়ে কুপিয়ে খুন করে সে। এরপরেই বেপাত্তা হযে যায়।
সোমবার রাতভর হন্যে হয়ে তার খোঁজ চালিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার হল। পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে ওই যুবক।