দ্য ওয়াল ব্যুরো: চোদ্দর ভোটে মুখ্যমন্ত্রীর বিধানসভায় পিছিয়ে পড়েছিল তৃণমূল। কিন্তু এ বার ভবানীপুর বিধানসভায় আড়াই হাজার ভোটে তৃণমূলের লিড হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় হারতে হল তৃণমূলকে। ৭৩ নম্বর ওয়ার্ডের পিছিয়ে পড়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে ৪৯৬ ভোটে।
শুধু তো মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ড নয়। কলকাতা শহরের একাধিক ওয়ার্ডে তৃণমূল কার্যত কুপোকাত। কর্পোরেশনের ৫০টি জেতা ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। ৯৮, ১০০-র মতো বিরোধীদের দখলে থাকা ওয়ার্ডে এই ভোটেও লিড নিতে পারেনি শাসক দল। পিছিয়ে রয়েছেন একাধিক মেয়র পারিষদ সদস্য।
নিজের ওয়ার্ডে এগিয়ে থাকলেও কপালে ভাঁজ কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। ৮২ নম্বর ওয়ার্ডে ফিরহাদ জিতেছিলেন প্রায় ১৪ হাজার ভোটে। কিন্তু সেই বিশাল ব্যবধান এ বার কার্যত সুতোর ফারাকে এসে ঠেকেছে। ফিরহাদের ওয়ার্ডে তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র ১১০০ ভোটে।
নিজেদের ওয়ার্ডে পিছিয়ে রয়েছেন একাধিক দাপুটে মেয়র পারিষদ সদস্য। এই তালিকায় যেমন রয়েছেন দক্ষিণের দেবাশিস কুমার, রতন দে, তারক সিং, তেমনই রয়েছেন উত্তর কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বপন সমাদ্দার। গোটা উত্তর কলকাতার ২০টি ওয়ার্ডে গেরুয়া ঝড়। বড়বাজার, পোস্তার মতো এলাকায় তৃণমূলকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। জোড়াসাঁকো বিধানসভায় তো তৃণমূল পিছিয়েই, উপরি নিজের ওয়ার্ডেও হেরেছেন বিধায়ক তথা কাউন্সিলর স্মিতা বক্সি। উত্তর কলকাতার ৬০টি ওয়ার্ডের মধ্যে ৬, ১৩, ১৮, ২০, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৩৮, ৪০, ৪১ ৪২, ৪৪, ৪৭, ৫০, ৫১, ৫২, ৫৫ এবং ৫৮ নম্বরে পিছিয়ে তৃণমূল। জোড়াসাঁকো বিধান সভার পাশাপাশি তৃণমূল পিছিয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার শ্যামপুকুর ও শোভনদেব চট্টোপাধ্যায়ের রাসবিহারী বিধানসভায়। বরাত জোরে বেঁচে গিয়েছেন মন্ত্রী সাধন পাণ্ডে। তাঁর মানিকতলা বিধানসভায় তৃণমূল লিড পেয়েছে মাত্র ৫৮০ ভোটে।
এলাকা ওয়াড়ি কলকাতার ফলাফল দেখলে এটা স্পষ্ট, পুরোপুরি মেরুকরণের ভোট হয়েছে মহানগরে। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে পোস্তায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করেছিলেন। বক্তৃতা দিতে উঠে উপসস্থিত অবাঙালি হিন্দু জনতার উদ্দেশে দিদি বলেছিলেন, “আমরা জানি আপনারা আমাদের ভোট দেন না। কিন্তু আমরা বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলমান মানি না।” কিন্তু ফলাফল দেখলে বোঝা যাচ্ছে, হিন্দু ভোটারের আধিক্য কলকাতার যেখানে যেখানে, সেখানে সেখানেই মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। ব্যাপক ভোট পেয়েছে বিজেপি। উল্টোদিকে সংখ্যালঘু অধ্যুষিত মহল্লায় শাসক দলের জয়জয়াকার। পোস্তা, বড়বাজার, জোড়াসাঁকো এলাকায় যেমন গেরুয়া ঝড়, তেমনই এন্টালি, খিদিরপুর, মমিনপুর, পার্কসার্কাসে তৃণমূলের দাপট।
সব মিলিয়ে মহানগরের ফল নিয়ে মহা বিপাকে শাসকদল। এখন দেখার হারানো জনসমর্থন ফেরাতে কী কৌশল নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-state-13-ministers-of-mamatas-cabinet-failed-to-give-lead-in-their-own-assemblies/