রাজ্যে সিবিআইয়ে রদবদল, সারদা-নারদ-রোজভ্যালি তদন্তের মূল অফিসারদের বদলি
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসের গোড়াতেই বাংলার চিটফান্ড তদন্তের জন্য একাধিক বদল সেরে ফেলেছিল সিবিআই। এবার জানা গেল সারদা, নারদ এবং রোজভ্যালি মামলার তিন তদন্তকারী অফিসারকে কলকাতা ইউনিট থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সরিয়ে দেওয়া হয়েছ
শেষ আপডেট: 15 January 2020 07:10
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারি মাসের গোড়াতেই বাংলার চিটফান্ড তদন্তের জন্য একাধিক বদল সেরে ফেলেছিল সিবিআই। এবার জানা গেল সারদা, নারদ এবং রোজভ্যালি মামলার তিন তদন্তকারী অফিসারকে কলকাতা ইউনিট থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সরিয়ে দেওয়া হয়েছে আরও এক ডিএসপি পদমর্যাদার অফিসারকে।
সারদা কাণ্ডের তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকে কলকাতা থেকে দিল্লি ইউনিটে সরিয়ে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। প্রথম থেকেই সারদার তদন্তকারী অফিসার ছিলেন তথাগত বর্ধন। কয়েক মাস আগে যখন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন চলছে, বারবার সিবিআইয়ের টিম রাজীবের পার্কস্ট্রিটের বাড়িতে হানা দিচ্ছিল, সেই সময়েও ওই দলের নেতৃত্বে ছিলেন তথাগত বর্ধন।
২০১৯-এর গোড়াতেই রোজভ্যালি মামলার তদন্তকারী অফিসার হিসেবে সিবিআইয়ের কলকাতা ইউনিটে পাঠানো হয়েছিল চোজম শেরপাকে। এই মহিলা অফিসার আসার পর রোজভ্যালি তদন্তে একাধিক জিজ্ঞাসাবাদ হয়েছে। জানা গিয়েছে, এই তদন্তকারী অফসারকে পাঠানো হয়েছে ভুবনেশ্বরে। তাঁর সঙ্গেই কলকাতা থেকে অন্যত্র পাঠানো হয়েছে রোজভ্যালি মামলার অন্যতম তদন্তকারী ডিএসপি ব্রতীন ঘোষালকে। নারদ মামলার তদন্তকারী অফিসার রঞ্জিত সিনহাকেও কলকাতা থেকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে এই বদলি হয়েছে বলে জানা গিয়েছে। জানুয়ারির ৩ তারিখ এসপি পদমর্যাদার অফিসার জয়নারায়ণ রানাকে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হয়েছিল। অন্য এসপি শান্তনু কর ছিলেন কলকাতাতেই। তাঁর দায়িত্ব বদল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এএসপি পদমর্যাদার সঞ্জয় সিনহাকে দিল্লি থেকে কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এই বদলিকে রুটিন বদলি হিসেবে বলা হলেও, অনেকেই মনে করেছিলেন এই বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন দেখার জানুয়ারির শুরুতে যাঁদের কলকাতায় আনা হয়েছিল, তাঁদেরই এই তিন মামলার তদন্তকারী অফিসারের দায়িত্ব দেয় কিনা কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
সিবিআই ছাড়াও অন্য আরএক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্স্মেন্ট ডিরেক্টরেট এই তিন মামলার তদন্ত করছে প্ররথক ভাবে। দু'দিন আগেই কলকাতা শহরের ১১টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি। ডালহৌসি থেকে রাজারহাট পর্যন্ত চলেছে সেই অভিযান। ইডির নজরে হাওয়ালা কিংপিন ইনামুল হক। এখন দেখার এত রদবদলের পর কোন পথে এগোয়া বাংলার চিটফান্ড তদন্ত।