সিপিএমের তন্ময়ের মাথায় পাথর পড়ল খড়দহে, বাম নেতা বললেন বিচ্ছিন্ন ঘটনা
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম নেতা তথা উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মাথা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল খড়দহে (Bypolls)। এদিন রহড়া এলাকায় সিপিএম পার্টি অফিসে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ঘাড় আর মাথার মাঝের অংশে তন্ময়বাবু আঘাত পেয়েছেন। স
শেষ আপডেট: 30 October 2021 07:27
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম নেতা তথা উত্তর দমদমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের মাথা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটল খড়দহে (Bypolls)। এদিন রহড়া এলাকায় সিপিএম পার্টি অফিসে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ঘাড় আর মাথার মাঝের অংশে তন্ময়বাবু আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা পার্টি অফিসে বসিয়ে বরফ ঘষতে থাকেন। পার্টি অফিসে পৌঁছন খড়দহের সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাসও।
তবে তন্ময়বাবু এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবেই দেখাতে চেয়েছেন। বলেছেন, তিনি ঘাড় ঘুরিয়ে দেখতে পাম কালো প্যান্ট পরা একটি ছেলে গোটা মুখ কালো মাস্কে ঢেকে পিছন দিকে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। তাঁর সন্দেহ ওই ছেলেটিই তাঁকে লক্ষ্য করে পাথর ছুড়েছে।
এই ঘটনার খবর পেয়ে রহড়া পার্টি অফিসে গিয়ে তন্ময় ভট্টচার্যের সঙ্গে কথা বলেন খড়দহ থানার আইসি। গোটা ঘটনার বিবরণ শোনেন তিনি। তন্ময়বাবু এও জানান, তিনি যে গাড়ি নিয়ে খড়দহ এলাকায় ভোটের দিন এসেছেন তার অনুমতি নেই। তন্ময়বাবুর বাড়ি বরাহনগরে। দলের তরফে তিনি খড়দহের দায়িত্বে। সেই কারণেই তিনি এদিন সকালে সেখানে পৌঁছন।
সিপিএম নেতার অভিযোগ, বিভিন্ন এলাকার বুথে তৃণমূলের লোকজন ভয় দেখিয়ে তাঁদের এজেন্ট বসতে দেয়নি। তবে তাঁর এও বক্তব্য, এগুলো সবই পাড়ার দু’আনা-চারআনা নেতার মস্তানি। সার্বিক ভাবে তৃণমূল এটা করতে চাইছে বলে তিনি মনে করেন না। মোটের উপর ভোট শান্তিপূর্ণ বলেই তিনি জানিয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'