দ্য ওয়াল ব্যুরো: পুর মার্কেটে দোকান থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের একাংশ ফুটপাত দখল করে রেখেছেন। অবশেষে কঠোর হল আসানসোল পুরসভা। জবরদখলকারী দোকানগুলির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুর কর্তৃপক্ষ।
পুরসভার বক্তব্য, পুরসভার মার্কেটে দোকান থাকা সত্ত্বেও ব্যবসায়ীদের একাংশ ফুটপাত দখল করে রেখেছেন। সেই অবস্থার অবসান চেয়েই অবশেষে কঠোর হতে হয়েছে আসানসোল পুরসভা। জবরদখলকারী দোকানগুলির বিরুদ্ধে সেই কারণে অভিযান শুরু করেছে তারা।
শহরকে সুন্দর করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরসভা। তারই জন্য কোপ পড়তে চলেছে রাস্তার ধারে পুরসভার জমি দখল করে গজিয়ে ওঠা দোকানগুলির উপর।
ইতিমধ্যেই কুলটি, বরাকর, আসানসোলের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে পুরসভা। কোথাও পুরসভার কথা শুনে দোকানদাররা নিজেরাই দোকানের কাঠামো খুলে নিয়েছেন। আবার অনেক জায়গাতেই জবরদখলকারীরা পুরসভার নির্দেশ মানতে চায়নি। সেই সব জায়গায় বুলডোজার এনে কাঠামো ভেঙে দিয়েছে পুরসভা।
যদিও এক্ষেত্রে পুরসভার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। রাস্তার ধারে যারা দোকান দিয়ে ব্যবসা করছেন, তাঁদের একাংশের অভিযোগ পুরসভা বেছে বেছে নির্দিষ্ট কিছু দোকানদারকেই কেবলমাত্র উচ্ছেদ করছে। বাকিদের রাজনৈতিক কারণে ছাড় দেওয়া হচ্ছে।
তবে পুরসভার জমি দখল করে ব্যবসা করা দোকানদারদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন আসানসোল পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অমিতাভ বসু। তিনি এদিন গির্জা মোড়ের হকার্স মার্কেট পরিদর্শন করেন। তাঁর অভিযোগ যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের বেশিরভাগেরই হকার্স মার্কেটে দোকান আছে।
তবে পুরসভা বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেওয়ার দু'দিনের মধ্যেই বেশ কিছু জায়গা নতুন করে জবরদখল হয়ে গিয়েছে। সব মিলিয়ে আসানসোল পুরসভার জবরদখল উচ্ছেদ অভিযান বারবার প্রশ্নের মুখে পড়ছে।