
শেষ আপডেট: 13 August 2023 11:55
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পরিত্যক্ত বাড়ির বাইরে সদ্যোজাত কন্যা সন্তান (Newborn Rescued) উদ্ধার। এমন ঘটনা ঘিরে শোরগোল ছড়াল পুরুলিয়ার (Purulia) বোরো থানা এলাকার বড়ো মামরো গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, চার ঘণ্টা কেটে গেলেও শিশুটিকে উদ্ধার করতে প্রশাসনের কেউ এলাকায় আসেনি। অবশেষে দুপুরের দিকে পুলিশ ও চাইল্ড লাইনের কর্মীরা এসে সদ্যোজাতকে উদ্ধার করে নিয়ে যান। ওই শিশুটিকে বারি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ওই বাড়ির মালিক জানিয়েছেন, বর্ষায় বাড়ির মাটি উঠছিল। তাই পাশের আদিবাসী পাড়ায় তাঁরা সপরিবারে একটি ঘর নিয়ে বসবাস শুরু করেছে। এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। কে বা কারা এই শিশুটিকে রেখে গেছে, সেবিষয়ে তাঁরা কিছুই জানেন না।
ওই ব্যক্তি আরও জানান, সকালে তাঁর বাড়ির বারান্দায় ওই শিশুটি পড়ে রয়েছে এমন একটি ভিডিও প্রতিবেশী তাঁকে পাঠান। সেখান থেকেই ওই শিশুর কথা জানতে পারেন তিনি।
কে বা কারা ওই শিশুটিকে পরিত্যক্ত বাড়িতে রেখে চলে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: হাড়োয়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলির বর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু পঞ্চায়েতে জয়ী প্রার্থীর!