জলপাইগুড়িতে দু'টি মাথা, চারটি হাত নিয়ে জন্মাল সন্তান! কয়েক ঘণ্টায় সব শেষ
দ্য ওয়াল ব্যুরো: দু'টি মাথা, চারটি হাত এবং চারটি পা নিয়ে একটি শিশুর জন্ম দিলেন মা! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই বিরল ঘটনা ঘটে। তবে শিশুটিকে শেষমেশ বাঁচানো যায়নি।জলপাইগুড়ি জেলার মৌলানি ব্লকের আদাবাড়ির বাসিন্দা, সদ্যপ্রসূতি সাবিনা ইয়াসমিন ভে
শেষ আপডেট: 27 August 2021 11:45
দ্য ওয়াল ব্যুরো: দু'টি মাথা, চারটি হাত এবং চারটি পা নিয়ে একটি শিশুর জন্ম দিলেন মা! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে এই বিরল ঘটনা ঘটে। তবে শিশুটিকে শেষমেশ বাঁচানো যায়নি।জলপাইগুড়ি জেলার মৌলানি ব্লকের আদাবাড়ির বাসিন্দা, সদ্যপ্রসূতি সাবিনা ইয়াসমিন ভেঙে পড়েছেন কান্নায়।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ বাচ্চাটি হাসপাতালে জন্মগ্রহণ করে। কয়েকঘন্টার মধ্যেই মৃত্যু হয় তার। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডিন ডক্টর সন্দীপ সেনগুপ্ত জানান, নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চাটি জন্ম নেওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। তাছাড়াও এই ধরনের কেসে বাচ্চাদের বাঁচানোর সম্ভাবনা খুবই কম থাকে। এখন চেষ্টা করা হচ্ছে, বাচ্চাটির মা যাতে সুস্থ থাকেন।

মৃত বাচ্চার পিতা রফিক আলম জানান, কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন তাঁর স্ত্রী সাবিনা। এর পরে গত সোমবার সাবিনার পেটে অসহ্য ব্যথা করছিল বলে তাঁকে নিয়ে মালবাজারে ডাক্তারের কাছে যান আলম। সেখানেই স্ক্যান করে ধরা পড়ে, সাবিনার পেটে জোড়া লাগানো বাচ্চা রয়েছে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী রফিক মালবাজার হাসপাতালে ভর্তি করে দেন সাবিনাকে। কিন্তু মালবাজার হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় সাবিনাকে। সেখানে ভর্তি করার পরে গতকাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডাক্তারদের একটি বিশেষজ্ঞ টিম সাবিনার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন।
এর পরে ডাক্তাররা সিদ্ধান্ত নেন, রাতেই অস্ত্রোপচার করে জোড়া লাগানো বাচ্চাটি প্রসব করানো হবে। প্রসব করানো সম্ভব হলেও, ঘণ্টা দুয়েক পরেই বাচ্চাটি মারা যায়। হাসপাতালে মায়ের চিকিৎসা চলছে।