
শেষ আপডেট: 7 March 2023 10:08
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে দেওয়ালেরও ‘কান’ আছে। কিন্তু সেই দেওয়ালেই নিঃশব্দে ঘোরাফেরা করে টিকটিকি (Chipkali)। পাশাপাশি, গোয়েন্দাদের যে টিকটিকি বলা হয় তা তো সকলেরই জানা। আর এই দুই টিকটিকি-কে ঘিরেই পরিচালক কৌশিক করের নতুন থ্রিলার ছবি (movie) 'ছিপকলি'-র প্রথম টিজার (teaser) মুক্তি পেল।
ছবির টিজারে দেখা যায় আলোক চতুর্বেদী ওরফে যশপাল শর্মার বাড়িতে রুদ্রাক্ষ নামের এক প্রাইভেট ডিটেকটিভ এসেছেন তিন বছর আগের একটি মামলার তদন্ত করতে। লেখক আলোক চতুর্বেদীকে তার স্ত্রী ও পুত্র-হত্যা মামলা থেকে রেহাই দিয়েছে আদালত তিন বছর আগেই। কিন্তু সত্যিই কি আদালত সবসময় সঠিক বিচার করে? নাকি এমন কিছু অপরাধ আছে যা শুধু ঘরের চার দেওয়াল আর সেখানে নিঃশব্দে থাকা টিকটিকিই জানে? উত্তর পেতে হলে দেখতে হবে 'ছিপকলি'।
পরিচালক কৌশিক কর তাঁর বলিউড যাত্রার সূচনা করলেন 'ছিপকলি' দিয়েই। আর নিজের প্রথম হিন্দি ছবিতে কৌশিক ভরসা করেছেন তাঁর বাংলা টিমের ওপরেই। প্রধান চরিত্রে যোগেশ ভরদ্বাজ এবং যশপাল শর্মাকে দেখা যাবে এই ছবিতে। এই ছবির নায়িকা হিসেবে তন্নিষ্ঠা বিশ্বাসও বলিউডে পা রাখতে চলেছেন 'ছিপকলি'-র মাধ্যমে। এছাড়াও সম্পাদক পবিত্র জানা, সুরকার সোহম মজুমদার, এবং সিনেমাটোগ্রাফার সৌরভ ব্যানার্জীকে দেখা যাবে এই ছবির টাইটেল-কার্ডে।
প্রথম হিন্দি ছবিতে নিজের চেনা লোকেশন পশ্চিমবঙ্গকেই বেছেছেন কৌশিক। ছবিটি আগামী ৭ই এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত, এই একই গল্প নিয়ে এর আগেও মঞ্চে, ছোট পর্দায় এবং ওয়েব সিরিজ এ দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়- কৌশিক সেন জুটি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়-অনির্বাণ জুটিকে। যশপাল-যোগেশ কি পারবেন বাংলার পরিচালকের হাত ধরে এই জুটিদের ছাপিয়ে যেতে? উত্তর লুকিয়ে আছে ‘ছিপকলি’তে।