
শেষ আপডেট: 30 August 2023 12:39
দ্য ওয়াল ব্যুরো: আদালতের নির্দেশ মেনে গত ২৩ অগস্ট নতুন মেধা তালিকা (Merit List) প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কিন্তু এসএসসির প্রকাশিত নতুন মেধা তালিকাকেও বিস্তর অসঙ্গতির অভিযোগ। ওই মামলাতেই ফের কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ১ অক্টোবর ২০১৯ প্রথম মেধাতালিকা প্রকাশ করে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন। কিছু অকৃতকার্য পরীক্ষার্থী সেই তালিকা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ১১ ডিসেম্বর ২০২০ বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এসএসসির মেধা তালিকা বাতিল করে দেন এবং প্রার্থীদের তথ্য আপলোড করে সমস্ত তথ্য প্রকাশ করতে নির্দেশ দেন। নতুন করে ইন্টারভিউর পাশাপাশি মেধা তালিকা প্রকাশ করতে বলেন।
২১ জুন ২০২১ স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ তালিকা প্রকাশ করে। সেখানে যারা প্রথম মেধা তালিকায় অন্তর্ভুক্ত ছিল তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ, তালিকাভুক্ত অনেক চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বিকৃত করা হয়েছে, শুধু তাই নয় অনেকের নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। এমনকী এসএসসির মেধা তালিকায় টেটের প্রাপ্ত নম্বর বাড়ানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলাকারীদের ব্যক্তিগতভাবে স্কুল সার্ভিস কমিশনের কাছে অভিযোগ জানানোর নির্দেশ দেন।
এরপরই কয়েক হাজার পরীক্ষার্থী ইন্টারভিউ তালিকার বৈধতাকে চ্যালেঞ্জ করে স্কুল সার্ভিস কমিশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন সেই অভিযোগগুলো খতিয়ে না দেখেই তা খারিজ করে দেয়। এরপরই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন ১৫০জন চাকরিপ্রার্থী।
স্কুল সার্ভিস কমিশনকে নতুন প্যানেলের তালিকা প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। অভিযোগ, প্রকাশিত মেধা তালিকায় সকলের ওএমআর শিট প্রকাশ করা হয়নি। বুধবার ওই মামলার শুনানিতে মামলাকারীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে লিখিত বক্তব্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি হবে ১৪ সেপ্টেম্বর।
আরও পড়ুন: নবম-দশমে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ! দ্রুত চাকরি দিতে হবে প্রার্থীদের, নির্দেশ হাইকোর্টের