দ্য ওয়াল ব্যুরো: অনিশ্চয়তার মধ্যেই ১৩৬ জন উচ্চ প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীর ইন্টারভিউ তালিকার বৈধতাকে চ্যালেঞ্জে করে ফের মামলা রুজু হল হাইকোর্টে। অভিযোগ, এই তালিকা প্রকাশের ক্ষেত্রে মানা হয়নি ২০১৯ সালের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ। ফলে স্বচ্ছ ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়নি বলেই দাবি ১৩৬ জন চাকরিপ্রার্থীর।
আজ, শুক্রবারই এই মামলার শুনানি শুনবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস।
উচ্চ প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই তা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছিল। অভিযোগ উঠেছিল এই তালিকা ত্রুটিপূর্ণ। কারণ এতে মেধার ভিত্তিতে কে কত নম্বর পেয়েছে তা দেখানো হয়নি। শুধুমাত্র নাম দেওয়া হয়েছে।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতারা এই অভিযোগে সোচ্চার হয়েছিলেন। হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন জনৈক আইনজীবী।
গত শুক্রবার মামলার শুনানিতে নিয়োগ তালিকা নিয়ে বিরক্তি প্রকাশ করে উচ্চ আদালত। বলা হয় দ্রুত নতুন ইইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তারপর বুধবার বিবৃতি দেয় কমিশন। তার পরে কালই আসে নতুন তালিকা। এসএসসি-র ওয়েবসাইটে (www.westbengalssc.com) প্রকাশিত নতুন মেধাতালিকায় চাকরিপ্রার্থীদের নামের সঙ্গে সঙ্গে রয়েছে প্রাপ্ত নম্বরও। শুধু তাই নয়, যাঁরা সুযোগ পাননি, তাঁদের নম্বরও প্রকাশ করেছে কমিশন।
তবে এবার সেই তালিকা নিয়েও উঠল আপত্তি।