দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান : টানা বৃষ্টিতে বেহাল অবস্থা ইডেন ক্যানেলের রাস্তার। বর্ধমান শহর ছাড়িয়ে সদরঘাটের দিকে কিছুটা এগোলে কৃষক-সেতুতে ওঠার আগেই রয়েছে দামোদরের সেচ খাল- ইডেন ক্যানেল।বর্ধমান-আরামবাগ রোডের ঠিক উপরেই এই ক্যানেল। ক্যানেলে ওঠার মুখেই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা।
রাস্তায় মাঝে মাঝেই রয়েছে বড় বড় গর্ত। ভরা বর্ষায়, বিশেষত গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এইসব গর্তে জল জমে রয়েছে। পিচের প্রলেপ উঠে গিয়ে পাথর উঠে এসেছে। গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে সেই পাথর। বর্ষাকালে প্রতিদিন এই পথ ধরে যাওয়াআসা করা নিত্যযাত্রীরা নাজেহাল হচ্ছেন প্রতি পদে।
রাস্তার এই দুর্দশা নিয়ে এর আগেও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু তাতেও সুফল মেলেনি। তার উপর মাঝে মধ্যেই এই ভাঙা রাস্তার উপর বিকল হয়ে যায় ট্রাক সহ বিভিন্ন যানবাহন। ফলে প্রায় প্রতিদিনই ওই রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। সকালে একবার যানজট শুরু হলে কখনও কখনও দুপুর পর্যন্ত চলতে থাকে যানজট। নিয়মিত ভোগান্তি চলে নিত্যযাত্রীদের। হুগলি জেলা থেকে বর্ধমানের বিভিন্ন অঞ্চলে যারা চিকিৎসা করাতে আসেন, তাদেরও দুর্ভোগ চরমে উঠেছে।
স্থানীয় বাসিন্দা রনি সরকার বলেন,নিত্যদিনের যানজট ছাড়াও এই রাস্তা দিয়ে রোগী নিয়ে আসা দিন দিন খুবই বিপজ্জনক হয়ে পড়ছে। বেহাল রাস্তায় আর যানজটে রোগী এমনই আধমরা হয়ে যাবে। এই রাস্তা দিয়েই খণ্ডঘোষ ব্লক অফিসে কাজ করতে যান শুভ হালদার। তিনিও জানান, এই রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই খুব খারাপ। প্রতিদিন যানজট লেগেই থাকে। ভরা বর্ষায় সমস্যা আরও বেড়েছে। রাস্তা নিয়ে অবিলম্বে পদক্ষেপ করা উচিত প্রশাসনের।
এই রাস্তাটি জেলার একটি গুরুত্বপূর্ণ সরক মাধ্যম। বর্ধমান আরামবাগ রাস্তা ছাড়াও এই রাস্তা দিয়েই সমগ্র দক্ষিণ দামোদর এলাকায় যাতায়াত করা হয়। দক্ষিণ দামোদর এলাকা বা হুগলি জেলার বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা করাতে আসা লোকজনও এই সরকপথেই যাওয়াআসা করেন। বাঁকুড়া, পুরুলিয়া ও হুগলি জেলার সঙ্গে যোগাযোগ রক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ এই ইডেন ক্যানেলের রাস্তা। ফলে এই রাস্তার উপর যানবাহন ও পথচারীর চাপ থাকে মারাত্মক ।
গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কারের দায়িত্ব রয়েছে পূর্ত-দফতরের হাতে। দফতরের আধিকারিক ভজন সরকারকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, খুব তাড়াতাড়িই ওই রাস্তার সংস্কারের কাজ শুরু হবে।