
শেষ আপডেট: 6 September 2023 14:42
দ্য ওয়াল ব্যুরো: ‘কথা রাখেনি বিজেপি’, এই অভিযোগে দল ছাড়লেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি চন্দ্র বোস (Netaji's grandson Chandra Bose)। বুধবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি দিয়ে দলত্যাগের কথা জানিয়েও দিয়েছেন চন্দ্র বোস।
এবিষয়ে সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্র বোসের (Netaji's grandson Chandra Bose) বক্তব্য, “নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শরৎচন্দ্র বসুর আদর্শ প্রচার করতে দেওয়া হবে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল জনগোষ্ঠীকে ভারতীয় হিসাবে একত্রিত করার জন্য বিজেপিতে আজাদ হিন্দ মোর্চা গঠনের পরামর্শ দিয়েছিলাম। কিন্তু বাস্তবে নেতৃত্বর তরফে কোনও সাড়া মেলেনি। তাই বিজেপিতে থাকা অর্থহীন। নাড্ডাকে চিঠি দিয়ে দলত্যাগের কথা জানিয়েও দিয়েছি।”
২০১৬ সালের বিধানসভার আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন নেতাজির নাতি চন্দ্র বোস। বিজেপির টিকিটে ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন। এমনকী দলে যোগদানের পরই তাঁকে বঙ্গ বিজেপির সহ-সভাপতি পদেও নিযুক্ত করা হয়েছিল। তবে ২০২০ সালের শেযে সাংগঠনিক রদবদলের পর ওই পদ থেকে বাদ পড়েন তিনি।
যদিও চন্দ্র বসুর দলত্যাগে বঙ্গ বিজেপিতে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি দলের একাংশ নেতৃত্বর। দলের তরফে পাল্টা দাবি, চন্দ্র বসু শুরু থেকেই নিস্ক্রিয়। তাঁর দলত্যাগ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যের কটাক্ষ “চন্দ্রযান চাঁদে পৌঁছে যাচ্ছে, আর আপনারা চন্দ্র বসুকে নিয়ে পড়ে আছেন!”
আরও পড়ুন: অভিষেকের সংস্থার কম্পিউটারে ইডি কোন ফাইল ডাউনলোড করেছিল, আদালতে জানাল ফরেন্সিক দল