
শেষ আপডেট: 9 September 2022 05:59
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি পড়ার জন্য সর্বভারতীয় নিট (NEET) পরীক্ষায় দুর্দান্ত সাফল্য বাংলার মেয়েদের (Women)। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বাংলার মধ্যে প্রথম তিন স্থানাধিকারীর (top 3) মধ্যে তিনজনই মেয়ে। তাঁদের মধ্যে প্রথম দু'জনের স্থান আবার ২০-এর মধ্যে।
সোমবার আনুষ্ঠানিকভাবে নিট পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। এই বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষায় বসা ১৮ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থীর মধ্যে বাংলায় প্রথম স্থান দখল করেছেন ইছাপুরের সায়ন্তনী চট্টোপাধ্যায়। সারা ভারতে তাঁর স্থান ১১। বাংলার পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন গড়িয়ার অনুষ্কা মণ্ডল। তাঁর সর্বভারতীয় র্যাঙ্ক ১৪। তৃতীয় হয়েছেন মহিষাদলের দেবাঙ্কিতা বেরা। দেশের মধ্যে ২২ র্যাঙ্ক করেছেন তিনি।
সারা দেশের মহিলা নিট পরীক্ষাথীদের মধ্যে বাংলার ৩ জন রয়েছেন প্রথম দশের মধ্যে। নিট পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন তনিষ্কা। মহিলা পরীক্ষার্থীদের মধ্যে সায়ন্তনী, অনুষ্কা এবং দেবাঙ্কিতার স্থান যথাক্রমে চতুর্থ, পঞ্চম এবং নবম। সায়ন্তনীর সাফল্যের রহস্য 'প্যাশন'। তাঁর দাবি, জোর করে নয়, ভালবেসে পড়লে তবেই সাফল্য আসবে। অন্যদিকে দিনের পড়া দিনেই শেষ করায় বিশ্বাসী নিটে বাংলায় দ্বিতীয় স্থানাধিকারী অনুষ্কা। তাঁর লক্ষ্য দিল্লি থেকে এমবিবিএস করা। তৃতীয় হওয়া দেবাঙ্কিতা জানিয়েছেন, প্রতি শনি ও রবিবার ভোরবেলা উঠে বাড়ি থেকে ১০০ কিলোমিটার দূরে খড়্গপুরে একটি কোচিং সেন্টারে ক্লাস করে রাত্রে বাবার সঙ্গে বাড়ি ফিরতেন তিনি। পরিশ্রমের কোনও বিকল্প নেই, দাবি তাঁর। দিল্লির এইমস থেকে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে তাঁর।
বাংলা থেকে এবার ৮৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থী নিট পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৫০ হাজার ৮৬৪ জন। সব কিছুর মধ্যে মেয়েদের সাফল্য আলাদা করে নজর কেড়েছে।
সাতসকালে পাশের বাড়ির ছাদ থেকে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ, হুলস্থূল রঘুনাথগঞ্জে