
শেষ আপডেট: 16 October 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ের নকশালবাড়িতে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই চৌরঙ্গী বাজারের বহু দোকান। পুজোর মুখেই এমন ঘটনায় মাথায় হাত ব্যবসায়ীদের।
রবিবার রাত নটা নাগাদ আচমকাই আগুন ধরে যায় নকশালবাড়ির চৌরঙ্গীবাজার এলাকায়। ওই এলাকায় পাশাপাশি অনেক দোকান রয়েছে। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় গোটা বাজার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল এবং পুলিশবাহিনী।
দমকলের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট স্থানীয়রা। জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল দমকলের দুটি ইঞ্জিন। তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা। তবে আগুন নেভানোর কাজ চলাকালীনই আচমকা জল শেষ হয়ে যায় দমকলের ইঞ্জিনে। ফলে আগুন নেভাতে অনেকটা দেরি হয়, ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে।
পুজো একেবারে দোরগোড়ায়, এই সময়ে শেষ মুহূর্তের কেনাকাটা সারেন অনেকেই। পুজোর মুখেই এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে কার্যত পুড়ে ছাই ওই এলাকার ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার জিনিসপত্র। অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় পৌঁছান তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ। কি থেকে এমন ভয়ঙ্কর আগুন লাগল সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি পুলিশের তরফে।