
শেষ আপডেট: 11 August 2023 15:22
রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফল বেরিয়েছিল গত ১১ জুলাই। তার পর সম্প্রতি বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১৬ অগস্টের মধ্যে রাজ্যের পঞ্চায়েতগুলির বোর্ড গঠন (Panchayat Board formation) করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার (Navanna) পরই রাজ্য পঞ্চায়েত দফতর গত ২৭ জুলাই বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়েছিল আগামী ১৬ তারিখের মধ্যে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে বোর্ড গঠন করতে হবে। জেলাগুলি সেই নির্দেশ মতো বোর্ড গঠনের কাজ শুরু করেছে।
তবে এই বিজ্ঞপ্তির পর জেলা প্রশাসন (district administration) থেকেই দুটি প্রশ্ন উঠেছে—
এক, হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন জয়ী প্রার্থীরা আদৌ জয়ী কিনা তা নির্ভর করবে আদালতের চূড়ান্ত রায়ের উপর। অবশ্য সেই অর্ডারে কোথাও হাইকোর্ট বলেনি যে বোর্ড গঠন করা যাবে না। তবে বিরোধীদের অভিযোগ ছিল শাসক দল আদালতের নির্দেশ না মেনে বোর্ড গঠন করতে ব্যস্ত হয়ে উঠেছে।
দুই, রাজ্যের অনেক পঞ্চায়েতের মেয়াদ এখনও শেষ হয়নি। কোনও কোনও জেলার পঞ্চায়েত বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। তাহলে পাঁচ বছর আগে কীভাবে সেই বোর্ড ভেঙ্গে নতুন বোর্ড তৈরি করা যাবে?
নবান্ন যায় বলুক না কেন, এই প্রশ্ন শুধু জেলার পঞ্চায়েতগুলির পূর্বতন জনপ্রতিনিধিদের নয়। এই প্রশ্ন ছড়িয়েছে প্রশাসনের একাংশের মধ্যেও। যেমন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) পঞ্চায়েত ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারিকে চিঠি পাঠিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। শুধু জানতে চাওয়া নয় তিনি পঞ্চায়েত আইন উল্লেখ করে চিঠিতে লিখেছেন, বোর্ডের মেয়াদ শেষ না (expiry of the term) হওয়ার আগে সেই বোর্ড ভেঙে দিয়ে নতুন বোর্ড তৈরি করা যাবে কি?
আরও পড়ুন: আডবাণীর দাবি নাকচ মোদীর, ভোট কমিশনের মাথায় কোনও ‘রাজীব সিনহা’ বসবেন কিনা উদ্বেগ!
দুই, যদি তা হয় তাহলে নতুন বোর্ডের প্রথম মিটিং কবে হবে?
এই চিঠি সামনে আসার পর অনেকের প্রশ্ন তাহলে কি রাজ্য সরকার আইনের বাইরে গিয়ে বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন বোর্ড তৈরি করতে চাইছে?
সূত্রের খবর পঞ্চায়েত দফতরের তরফে মুর্শিদাবাদের ওই অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)-কে জানিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের পরে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত আইন ১৯৭৩ (u/s 4(4) অনুযায়ী পঞ্চায়েত গঠিত হয়। সেক্ষেত্রে কোনও অসুবিধা নেই। পাশাপাশি, পঞ্চায়েত দফতর আরও জানিয়েছে গ্রাম পঞ্চায়েত গঠনের পর ২১ দিনের মধ্যে নতুন বোর্ডের বৈঠক করতে হয়। অতএব যেদিন নতুন বোর্ড গঠন করা হবে, সেদিনই পুরনো বোর্ড ভেঙে যাবে।