
শেষ আপডেট: 7 July 2023 10:17
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকির (Naushad Siddiqi) নামে। বুধবার নিউটাউন থানায় এক তরুণী এসে এমন অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, বৌবাজার থানাতেও নওসাদের নামে একই অভিযোগ জমা পড়েছে। দুই থানার পুলিশই তদন্ত শুরু করেছে ওই ' নির্যাতিতা'র অভিযোগের ভিত্তিতে। এই মামলায় গ্রেফতার হতে পারেন তিনি, এমন আশঙ্কা করেই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি।
বুধবার নিউটাউন থানায় এসে এক মহিলা অভিযোগ জানান, 'বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন নওসাদ। ভালবাসার নামে আমি প্রতারিত হয়েছি। বিচার চাইতেই থানায় এসেছি।' ওই 'নির্যাতিতা'র কথায়, বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি অফিসে তাঁর সঙ্গে সহবাস করেছেন নওসাদ। পরে তিনি বিয়ের জন্য চাপ দিলে আইএসএফ বিধায়ক তাঁকে নাকি এড়িয়ে চলতে শুরু করেন। এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই মহিলা।
কলকাতা পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা প্রথমে নিউটাউন থানায় তাঁর অভিযোগ দায়ের করেন। সেখান থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেট বউবাজার থানায় ওই মহিলার অভিযোগপত্র পাঠিয়ে দেয়। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৪২, ৩৭৬, ৪১৭, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।
এই মামলায় গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন নওসাদ। তাই আগাম জামিনের আর্জি জানিয়ে শুক্রবারই হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
‘বিরোধীদের প্রার্থীও কি আমরা সাপ্লাই দেব?’ বিমানের সেই কটাক্ষের বিশ বছর