
শেষ আপডেট: 2 March 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: ২১ জানুয়ারি থেকে ২ মার্চ—প্রায় দেড় মাস পর জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Naushad Siddiqi)। কলকাতা হাইকোর্টে (Bail in Highcourt) বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নওসাদকে সমস্ত মামলায় জামিন দিয়েছে বৃহস্পতিবার।
গতকালই নওসাদের গ্রেফতারি নিয়ে পুলিশের উদ্দেশে চোখাচোখা প্রশ্ন ছুড়েছিল আদালত। জানতে চাওয়া হয়েছিল, নওসাদ যে সেদিন ভাষণে উস্কানি দিয়েছিলেন তার প্রমাণ কই? এমনকি আদালতে বসে ল্যাপটপে নওসাদের বক্তৃতা চালিয়েও শুনেছিলেন বিচারপতি বসাক।
হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট এবং লেদার কমপ্লেক্স—মোট তিনটি থানার মামলায় জেলবন্দি ছিলেন নওসাদ। এদিন তাঁকে সব মামলাতেই জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নওসাদের জামিন মামলার শুনানি ছিল। রাজ্যের কাছে নওসাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার কোনও প্রমাণ নেই। তাই হাইকোর্ট ভাঙড়ের বিধায়ককে নিঃশর্ত জামিন দিল।
রাজ্যের আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় এদিন আদালতে জানান, উস্কানিমূলক বক্তব্যের সিএফএসএল রিপোর্ট এখনও হাতে আসেনি। পাল্টা নওসাদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, পুলিশ যদি জমায়েতে ওপর কাঁদানে গ্যাস না ছুড়ত বা লাঠিচার্জ না করত তবে আইএসএফ সমর্থকরা ক্ষিপ্ত হত না। পুলিশ নওসাদ ও অন্যান্যদের ৪০ দিন ধরে আটকে রেখেছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ কর্মসূচিতে তুলকালাম কাণ্ড বেঁধেছিল ডোরিনা ক্রসিংয়ে। সেখান থেকে নওসাদ-সহ বাকিদের গ্রেফতার করে পুলিশ। তারপর থেকেই জেলেই ছিলেন তাঁরা। নওসাদ হাইকোর্টে জামিনের আর্জি জানান। অবশেষে সেই আর্জি মঞ্জুর করল রাজ্যের শীর্ষ আদালত।
ঠিক যেন চাঁদের পাহাড়! আমাজনের জঙ্গলে পোকা, প্রস্রাব খেয়ে ৩১ দিন কাটালেন বলিভিয়ার শিকারী