
শেষ আপডেট: 1 March 2023 07:56
দ্য ওয়াল ব্যুরো: আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকীকে (Naushad Siddiqi) জামিন দিল না কলকাতা হাইকোর্টও। ফলে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না ভাঙড়ের বিধায়ক। এর আগে দু'টি মামলাতে নওসাদকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।
বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে ভাঙড়ের বিধায়কের জামিনের মামলার শুনানি ছিল। এদিনের শুনানিতে রাজ্য সরকার রিপোর্ট জমা দেয়। এছাড়াও ২১ জানুয়ারি ধর্মতলা চত্বরের ভিডিও আদালতে জমা দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ কর্মসূচিতে তুলকালাম কাণ্ড বেঁধেছিল ডোরিনা ক্রসিংয়ে। সেখান থেকে নওসাদ-সহ বাকিদের গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে একাধিক মামলায় এখনও জেলেই রয়েছেন নওসাদ।
সোমবার লেদার কমপ্লেক্স থানার মামলায় নওসাদকে ১০ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত। মঙ্গলবার নিউ মার্কেট থানার অন্য এক মামলায় ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এবার হাইকোর্টেও ধাক্কা খেলেন নওসাদ।
গত ২২ ফেব্রুয়ারি নওসাদের মামলার প্রথম শুনানি ছিল। সেদিন নওসাদের জেলবন্দি নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। সেদিন পুলিশের কাছে ২১ তারিখের ঘটনার সিসিটিভি ফুটেজ ও মেডিক্যাল রিপোর্ট চেয়েছিল আদালত। আজ সেটাই জমা দেয় পুলিশ।
লালগোলার চাকরিপ্রার্থীর আত্মহত্যা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের