
শেষ আপডেট: 28 August 2023 12:15
দ্য ওয়াল ব্যুরো: সিআইডির তলব পেয়ে বিধানসভা থেকে ভবানীভবনে রাজ্য গোয়েন্দা দফতরে গেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nausad Siddiqui)। পঞ্চায়েত ভোটের সময় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে একটি খুনের ঘটনায় নাম জড়িয়েছে নওসাদের। ওই মামলাতেই সোমবার সিআইডির তলব পেয়ে বিধানসভা থেকে ভবানীভবনে যান আইএসএফ বিধায়ক।
‘পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার হাটগাছার পানাপুকুরে অশান্তির ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের আক্রমণে মৃত্যু হয়েছিল রাজু নস্কর নামে এক বৃদ্ধর। নিহতের জামাই হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর গত ১৬ জুন এবিষয়ে কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নওসাদ (Nausad Siddiqui) সহ ৬৮ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছিলেন ঋত্বিক।
পুলিশকে লিখিত অভিযোগে তিনি জানান, মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে নওসাদের দলবদলের হাতে তিনি ও তাঁর শ্বশুর আক্রান্ত হন। বাধা দিতে গেলে তাঁর শ্বশুরকে টাঙির কোপে ক্ষতবিক্ষত করে দেয় দুষ্কৃতীরা। ঋত্বিকের অভিযোগ, “নওসাদের চক্রান্তেই তাঁদের ওপর সেদিন হামলা চালানো হয়েছিল।“ এরপরই ওই খুনের মামলার তদন্ত নেমে এদিন নওসাদকে ভবানীভবনে তলব করে সিআইডি।
আরও পড়ুন: দত্তপুকুরের ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত, থানাগুলোর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী