
শেষ আপডেট: 24 April 2023 15:42
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে আছে কালিয়াগঞ্জ (Kaliaganj)। রবিবার মৃতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় এসসি কমিশনের (National SC Commission) ভাইস চেয়ারপার্সন অরুণ হালদার (Arun Halder)। সেখান থেকে বেরিয়েই তিনি রাজ্যের প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। বলেন, 'সমন পাঠিয়ে ডাকা হবে, যদি হাজিরা না দেন তো গ্রেফতার করা হবে।'
কালিয়াগঞ্জের কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। বিরোধীরা সুর ছড়িয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। এদিকে বিজেপি ও মৃতার পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। এমনকী এই নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় শান্তি ফেরাতে ৭ দিনের জন্য কালিয়াগঞ্জের কিছু অংশে ১৪৪ ধারা জারিও হয়েছে। পরিবার ও বিরোধীদের অভিযোগ, কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও পুলিশ প্রাথমিক তদন্ত করে খুনের তথ্য খারিজ করে দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেও সেই ইঙ্গিত পাওয়া গেছে বলে, দাবি করা হয়।
রবিবার মৃতার বাড়ি যান অরুণ হালদার। মৃতার পরিবারের সঙ্গে কথা বলেন। অরুণের অভিযোগ, নিয়ম মেনে কমিশন ভিজিটের সময় সেখানে ডিএম, এসপির থাকাটা বাধ্যতামূলক। কিন্তু কাউকেই দেখা যায়নি। এমনকী এই কেসের আইও আসার প্রয়োজন মনে করেননি।
এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'এই ঘটনা নিয়ে রাজ্যের মানসিকতা বোঝাই যাচ্ছে। এই প্রশাসনের সঙ্গে আর কোনও কথা হবে না। আমার যে রাইট আর পাওয়ার আছে, তাতে এখানকার ডিএম, এসপি, আইজিপি, ডিজি, চিফ সেক্রেটারি সবাইকেই তলব করব কমিশনে। তিন দিনের মধ্যে তাঁদেরকে দিল্লিতে গিয়ে কমিশনে হাজিরা দিতে হবে। আর হাজিরা না দিলে সমন পাঠানো হবে। আর তাতেও না হলে অ্যারেস্ট করে কমিশনে হাজির করা হবে।'
এবিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'উনি বিজেপির লোক। বিজেপির মতোই কথা বলছেন।'
প্রসঙ্গত, দিন কয়েক আগে মেদিনীপুর জেলেও এসেছিলেন অরুণ হালদার। সেখানে গিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এ রাজ্যের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, প্রয়োজনে রাজ্যের স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করব।
মমতার ব্লু টিক ফিরল, অভিষেকের ফলোয়ার বেশি হলেও নীলকমল নেই, শুভেন্দুর আছে