
শেষ আপডেট: 13 December 2022 08:52
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: বগটুই গণত্যার অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর জাতীয় সড়ক অবরুদ্ধ (National Highway Blocked) করে বিক্ষোভ। মঙ্গলবার টায়ার জ্বালিয়ে রামপুরহাটের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে লালনের পরিজন ও গ্রামবাসীরা। তাদের দাবি, অবিলম্বে অস্থায়ী ক্যাম্পের সিবিআই কর্তাদের গ্রেফতার করতে হবে।
মঙ্গলবার সকাল থেকেই লালন (Lalan Sheikh Death) ঘনিষ্ঠদের বিক্ষোভে উত্তাল রামপুরহাটের সিবিআই ক্যাম্প অফিস। বিক্ষোভের জেরে সেখানে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন সিবিআই কর্তারা। অফিস ক্যাম্পাসের ভেতরে সিআরপিএফ ও বাইরে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়। এই বিক্ষোভে যোগ দেন লালনের মেয়েও।
সোমবার রাতেই লালন শেখের স্ত্রী রেশমা বিবি তিন সিবিআই কর্তার বিরুদ্ধে রামপুরহাট থানায় এফআইআর দায়ের করেন। এদিকে জেলা পুলিশও জানিয়েছে তারা লালনের মৃত্যুর তদন্ত করবে। মঙ্গলবার সকালে সিআইডির একটি টিম রামপুরহাট হাসপাতালে পৌঁছয়। বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই ৩০২ ধারায় সিবিআইয়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে। তারইমধ্যে অবরুদ্ধ হল জাতীয় সড়ক।
সোমবার বিকেল ৪ টে ৪৫ মিনিট নাগাদ রামপুরহাটে সিবিআইয়ের ক্যাম্প অফিসে 'পার্শিয়াল হ্যাঙ্গিং' অবস্থায় পাওয়া যায় লালন শেখের দেহ। রেশমা বিবির অভিযোগ, তাঁর স্বামীকে সিবিআই-ই খুন করেছে।
লালনের মৃত্যুর পর থমথম করছে বগটুই, গ্রামজুড়ে টহল দিচ্ছে পুলিশ