
শেষ আপডেট: 25 April 2023 05:49
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কালিয়াগঞ্জে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পরই ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। তারপরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (National Commission for Protection of Child Rights) চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। এবার দক্ষিণবঙ্গে পৌঁছলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। হাওড়া (Howrah) ও হুগলির (Hooghly) হোম পরিদর্শন করে তারা রিপোর্ট দেবেন।
রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আসা যাওয়া লেগেই রয়েছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সম্প্রতি তিলজলা, গাজোল ঘুরে গিয়েছিলেন। এরপর কালিয়াগঞ্জেও এসেছিলেন তিনি। এর মধ্যেই সোমবার রাজ্যে হোমগুলির অবস্থা খতিয়ে দেখলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। প্রথমে হাওড়ার লিলুয়ার একটি তারপর হুগলির কামারকুণ্ডুর একটি হোমে যান তাঁরা। সেখানে কল্যাণ ভারতী অবজারভেশন হোম পরিদর্শন করেন।
হুগলিতে পুজোর সময়ও এসেছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। কয়েক মাস আগে দুর্গাপুজোর সময় হরিপালে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। দু’দিন পর তার মৃতদেহ উদ্ধার হয়। সেই সময় প্রিয়ঙ্ক কানুনগো হুগলি এসেছিলেন। এদিন কল্যাণ ভারতী অবজারভেশন হোম পরিদর্শনের পর এনসিপিসিআর-এর সদস্য দিব্যা গুপ্তা বলেন, “বেশ কিছু সমস্যা রয়েছে। দিল্লি গিয়ে এনিয়ে আলোচনা হবে। সমস্যাগুলো নোট করে নিয়েছি। এনজিও দ্বারা পরিচালিত এই হোম সব নিয়ম মানছে কিনা তা দেখতে এসেছিলাম। দিল্লি গিয়ে সমস্ত নথিও দেখা হবে।”
কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের ব্যাপারে হোমের সাধারণ সম্পাদক রামচন্দ্র সাউ বলেন, “আজকে হোম এর ইন্সপেকশনে এসেছিলেন। কিভাবে এটা পরিচালনা হচ্ছে, কী কী সুবিধা প্রদান করা হয়, তা খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।” হোমের সুপার উমেশচন্দ্র ঘোষাল বলেন, “কোনও গাফিলতির কথা বলেননি কেন্দ্রীয় প্রতিনিধিরা। আমাদের প্রোগ্রামটা ডাইনামিক প্রোগ্রাম। আমরা বাচ্চাদের নিয়ে কাজ করি। আমাদের প্রতিনিয়ত উন্নতি সাধনের দরকার লাগে। ওনারা কিছু পরামর্শ দিয়ে গেছেন। আমাদের কোনও খামতি নেই।”
শুভেন্দুরা মুসলমান সমাবেশ করবেন, মমতার ধর্নাতলায় জমায়েতের ডাক