দ্য ওয়াল ব্যুরো: যে বিতর্ক শুরু হয়েছিল শুক্রবার সকাল থেকে। বেলা বাড়তেই তা ঝড়ের আকার নিল সোশ্যাল মিডিয়ায়। চিঁড়ে বা পোহা খাওয়ার সঙ্গে বাংলাদেশি যোগ খুঁজে পাওয়া প্রসঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে গর্জে উঠল নেট দুনিয়া। ভোজন রসিকদের তীব্র আক্রমণের মুখে পড়তে হল বিজেপির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতাকে।
কেউ চিঁড়ে দিয়ে বানানো পদের ছবি টুইট করে লিখলেন, “আমি পাঞ্জাবি। আমি নিয়মিত পোহা খাই।” অসমের এক তরুণ লিখলেন, “অসমের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে চিঁড়ে। উত্তর-পূর্বের অনেক রাজ্যেই সকালের জলখাবার মানেই চিঁড়ে দিয়ে তৈরি পদ।”
https://twitter.com/bhatia_niraj23/status/1220576945160753152
গতকাল একটি সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন মধ্যপ্রদেশের এই বিজেপি নেতা। বলেন, “আমাদের বাড়িতে একটা নতুন ঘর তৈরি হচ্ছে। সেখানে কিছু মিস্ত্রি কাজ করতে আসেন। ওঁরা একটা অদ্ভুত জিনিস খাচ্ছিলেন, চিঁড়ে। যা দিয়ে তৈরি হয় পোহা। আমার খুবই সন্দেহ হচ্ছিল, মনে হচ্ছিল এরা বাংলাদেশ থেকে এসেছে। দুদিন আমার সন্দেহ হয়েছে এরপর আমি কাজ করানোই বন্ধ করে দিয়েছি।”
এই খবর সামনে আসতেই হইহই পড়ে যায়। মহারাষ্ট্রের এক তরুণী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি মহারাষ্ট্রের মেয়ে। কিন্তু নিয়মিত কাজের জন্য মধ্যপ্রদেশের ইন্দোরে যেতে হয় (কৈলাস ইন্দোরেরই বাসিন্দা)। মহারাষ্ট্রে আমরা নানান ভাবে পোহা রান্না করি। যে ভাবে এখানে পোহা খাওয়া হয় আমি দেখেছি ইন্দোরেও একই ভাবে রান্না করা হয়।”
https://twitter.com/shilpitewari/status/1220573322322173952
কৈলাসের মন্তব্য নিয়ে বাঙালিদের মধ্যেও তোলপাড় পড়ে গিয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “বাঙালির যে কোনও পুজোতেই দধিকর্মা হয়। সেটার মূল উপাদান চিঁড়ে, দই, খই, মুড়কি ইত্যাদি। তাহলে বাংলার পুজোতেও কৈলাস বিজয়বর্গীয়রা চিঁড়ে নিষিদ্ধ করে দেবেন?”
বিজেপি নেতার এই মন্তব্যের পর অনেকে আবার নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁকে জুড়ে দিয়েছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী এর আগে পোশাক দেখে বুঝে ফেলেছিলেন কারা হিংসা ছড়াচ্ছে। এবার তাঁরই পথ ধরে খাবার দেখে দেশ চিনে ফেললেন কৈলাস। অনেকে আবার কটাক্ষ করে বলেছেন, “কৈলাস বিজয়বর্গীয় যখন আবার কলকাতায় আসবেন, দিলীপ ঘোষদের উচিত তাঁকে একটু ডালহৌসি পাড়াটা ঘুরিয়ে দেওয়া। তাহলেই বুঝতে পারবেন কত দোকানে দই-চিঁড়ে মাখা বিক্রি হচ্ছে। আর কত লোক তা লাইন দিয়ে হইহই করে খাচ্ছেন।”
https://twitter.com/SeemantiniBose/status/1220550981701853185