
শেষ আপডেট: 1 December 2019 11:44
বুলন্দশহর জেলা জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আপাতত জেলের ভিতরেই চালু হয়েছে এই রেডিও পরিষেবা। বন্দিরাই প্রোগ্রাম সাজাচ্ছেন, সঞ্চালনা করছেন তাঁরাই। সহ-বন্দিদের বিনোদন জোগানোর চেষ্টা করছেন তাঁরা, হতাশ ও অনুতপ্তদের মনের বোঝা কমানোর চেষ্টা করছেন এভাবেই।
বুলন্দশহরের জেল সুপারিন্টেন্ডেন্ট ওপি কাতিয়ার বলেন, "ওঁদের মানসিকতায় বদল আনাক জন্য, হতাশা থেকে দূরে রাখার জন্য আমরা এই জেল-রেডিও চালু করলাম। বন্দিদের পছন্দ অনুযায়ী গান বাজানোর ব্যবস্থা করেছি আমরা।" শুধু তাই নয়। এই রেডিও স্টেশনে লাইভ অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকছে, যেখানে গাইতে বা আবৃত্তি করতে বা কিছু বলতে পারবেন বন্দিরাও। গান-বাজনার পাশাপাশি কিছু স্বাস্থ্য-সংক্রান্ত অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে। জেলের প্রতিটা ব্যারাকে স্পিকার লাগানো হয়েছে, যাতে সকলে শুনতে পান এই রেডিও।
কাতিয়ার আরও বলেন, "ভারতের ইতিহাস, দর্শন, ধর্ম-- এসব নিয়েও কিছু তথ্য সম্প্রচার করা হয় এই রেডিওর মাধ্যমে। এছাড়া গানবাজনা তো আছেই। বন্দিরা এতে বেশ খুশি হয়েছেন বলে খবর পেয়েছি আমরা। সেই সঙ্গে অনেকেই উৎসাহ দেখাচ্ছেন সঞ্চালনার কাজ করার জন্য।"
তবে এই প্রথম নয়। এর আগেও জেলবন্দিরা রেডিও জকি হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। তেলঙ্গানা, মুম্বই এবং আগ্রাতে জেলের ভিতরে রেডিও পরিষেবা চালু করেছেন কর্তৃপক্ষ।
তবে বুলন্দশহরের জেলা সংশোধনাগার এই পরিষেবা চালু করার আগে থেকেই আরও নানা উদ্যোগ নিয়েছে। তারাই প্রথম লাইব্রেরি পরিষেবা চালু করেছে জেলের ভিতরে। যে সমস্ত বন্দিরা পড়াশোনায় ইচ্ছুক, তাদের জন্য অনলাইন ক্লাসরুমও চালু করেছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, জেলের পরিবেশ এবং বন্দিদের মানসিক অবস্থা অনেক সময়েই সংশোধনের পথে অনুঘটকের কাজ করে। সেই চেষ্টায় শুরু করেছেন বুলন্দশহর জেল কর্তৃপক্ষ।