
শেষ আপডেট: 27 September 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: একে ম্যালেরিয়া, ডেঙ্গির বাড়বাড়ন্ত। তার উপর বৃষ্টি। গত পাঁচদিন ধরে স্কুল চত্বর জলে থৈথৈ করছে। এর জেরেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। নিকাশি ব্যবস্থার বেহাল পরিস্থিতিতে শিকেয় উঠেছে নারায়ণগড় (Narayangarh School) ব্লকের গুড়িবাটি টাকি শিশু শিক্ষা কেন্দ্রের পড়াশোনা। পড়ুয়ারা না এলেও স্কুলে নিয়মিত হাজিরা দিচ্ছে দুজন শিক্ষিকা।

গুড়ি বাটি টাকি শিশু শিক্ষা কেন্দ্রের চতুর্দিকে জল জমে রয়েছে। শ্রেণিকক্ষও বৃষ্টির জলে টইটুম্বর। তাই অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে চাইছেন না। তাঁদের অভিযোগ, স্কুলে জল দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু প্রশাসন সেই জল নিকাশির কোনও ব্যবস্থাই নেয়নি।
২০০১ সালে তৈরি হয় এই শিশু শিক্ষা কেন্দ্র। শিশু শ্রেণি থেকে ক্লাস ফোর পর্যন্ত মোট ৫০ জন পড়ুয়া রয়েছে এই স্কুলে। দুজন শিক্ষিকা তাঁদের সামলান। দুই শিক্ষিকা জানাচ্ছেন, তাঁদের প্রতিদিন এই জল পেরিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে। সারাদিন ওই জলের মধ্যেই বসে থাকতে হয়। ছুটির সময় হলে তাঁরা বাড়ি যান। এর ফলে অসুস্থ হয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন শিক্ষিকারা।

স্কুলের বেহাল নিকাশির জেরে আশেপাশের বাড়ির বাসিন্দাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের দাবি, নিকাশি ব্যবস্থা ঠিক করার ব্যবস্থা নিক প্রশাসন। তা না হলে অসুস্থ হয়ে পড়ছে তাঁরাও। বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার আশঙ্কা।
স্কুলের শিক্ষিকারা জানিয়েছেন, তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে বিডিও প্রত্যেককে এই সমস্যার কথা জানিয়েছেন । কাজের কাজ কিছুই হয়নি, শুধু প্রতিশ্রুতিই মিলেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান প্রণব বিজলীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারেই দেখবেন । যতটা তাঁর পক্ষে করা সম্ভব হবে, তিনি তা করবেন।
আরও পড়ুন: ‘প্রভাবশালী’ পার্থর জামিন খারিজ করে জরিমানার নির্দেশ আদালতের, 'মনমরা' প্রাক্তন শিক্ষামন্ত্রী