
শেষ আপডেট: 13 August 2023 07:47
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: বিজেপির সমর্থনে বোর্ড গড়ল তৃণমূল! মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) লড়াইয়ে একুশের বিধানসভা নির্বাচনে ‘হটস্পট’ হয়ে উঠেছিল নন্দীগ্রাম। তেইশের পঞ্চায়েতে বোর্ড গঠনে সেই নন্দীগ্রামেই (Nandigram) ঘটল নজিরবিহীন উলটপুরাণের ঘটনা!
একুশের ভোটে নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রীর পরাজয়ের নেপথ্যে দলের স্থানীয় একাংশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল। এমনকী ফল প্রকাশের পর খড়গপুরে দলের এক ঘরোয়া সভায় এই বিষয়ে সুফিয়ানকে টিপ্পনি কেটেছিলেন স্বয়ং নেত্রী। এদিন বিজেপির সমর্থনে তাঁর জামাই প্রধান হওয়ার পর স্থানীয় মহলে, ফের শুভেন্দু-সুফিয়ান 'আঁতাত' নিয়ে চর্চা শুরু হয়েছে।
যদিও এই বিষয়ে শুভেন্দু বা সুফিয়ান কারও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। সুফিয়ানের জামাই সেখ হাবিবুল বলেন, “কে কাকে সমর্থন করল সেটা বড় কথা নয়। মানুষের ভোটে নির্বাচিত সদস্যরা আমাকে ভোট দিয়েছেন। তাঁদের ভোটে জিতেই আমি প্রধান হয়েছি।” সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, “আমরা প্রথম থেকেই বলেছিলাম, বিজেপি এবং তৃণমূল তলে তলে একই, সেটা মহম্মদপুরের ঘটনা প্রমাণ করে দিল।”
জানা গিয়েছে, নন্দীগ্রামের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন ১৮টি। তৃণমুল ১২টি আসনে এবং বিজেপি ৬টি আসনে জয়ী হয়। সূত্রের খবর. শেখ শাহনওয়াজ খানকে প্রধান হিসেবে মেনে নেওয়ার জন্য দলের নির্বাচিত সদস্যদের উদ্দেশে হুইপ জারি করেছিল তৃণমূল। যদিও পঞ্চায়েত সদস্যদের শপথগ্রহণের পর দেখা যায় দলের হুইপকে অমান্য করে শেখ সুফিয়ানের জামাই সেখ হাবিবুলকে সমর্থন করেন তৃণমূলের ৫ পঞ্চায়েত সদস্য। হাবিবুলকে সমর্থন করে বিজেপির ৬ পঞ্চায়েত সদস্যও। ফলে সমস্ত হিসেব উলটে তৃনমুলের 'অফিসিয়াল প্যানেলে'র বিরুদ্ধে গিয়ে বিজেপির সমর্থনে বোর্ড গড়ে তৃণমূলের একাংশ। যার প্রধান হন সুফিয়ানের জামাই।
এদিন নন্দীগ্রাম ১ এবং ২ ব্লক মিলিয়ে ১৭ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল কংগ্রেস ৬টি এবং বিজেপি ১১ টিতে বোর্ড গঠন করেছে। মহম্মদপুর ছাড়াও এদিন কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতেও বিজেপি এবং তৃণমূল যৌথভাবে বোর্ড গঠন করেছে। জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদটি এসসি-র জন্য সংরক্ষিত। তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যদের মধ্যে কেউই এসসি অন্তর্ভুক্ত নন। সেকারণেই বিজেপির এসসি জয়ী সদস্যকে প্রধান হিসেবে সমর্থন করেন তৃণমূলের সদস্যরা।
আরও পড়ুন: ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে রহস্যময় আগন্তুক! সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন