
শেষ আপডেট: 17 June 2023 03:03
দ্য ওয়াল ব্যুরো: দু’জনের কথোপকথনের অডিও ক্লিপ। প্রথম জন ঠান্ডা গলায় অথচ খুবই মেজাজ নিয়ে প্রশ্ন করছেন, ‘প্রার্থী হয়েছ?’ দ্বিতীয় জন ততধিক তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিচ্ছেন, ‘হুম।’ প্রথমজন তখন প্রশ্ন করছেন, ‘প্রতীকে না নির্দলে?’ দ্বিতীয় জন বলছেন, ‘না গো দাদা, নির্দলে।’ এরপর প্রথমজন আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বললেন, ‘ওয়েলকাম, শুভেচ্ছা রইল। … কীভাবে বাতাসা দিতে হয় আমিও দেখছি।’ দ্বিতীয় জন তা শুনে বলছেন, ‘আচ্ছা ঠিক আছে।’
অভিযোগ, যিনি হুমকি দিচ্ছেন তিনি নন্দীগ্রামের বিজেপি নেতা তথা গেরুয়া শিবিরের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। যাঁকে দিচ্ছেন তিনি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমতাবাদ অঞ্চলের একটি বুথে গ্রামসভার নির্দল প্রার্থী।
এই অডিও ক্লিপের সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে অডিও ক্লিপটি ও হুমকি পাওয়া বিজেপি থেকে বেরিয়ে এসে নির্দল প্রার্থীর ভিডিও বার্তা টুইট করে লিখেছেন, ‘নির্দলে নাজেহাল বিজেপি। আদি বনাম দলবদলু। আদি নির্দল প্রার্থীকে হুমকি দিচ্ছে বিজেপির প্রলয় পাল। ভাষা শুনুন। পুলিশ হুমকির জন্য ব্যবস্থা নিক।’
এই প্রলয় পালের সঙ্গে একুশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। যেখানে মমতাকে প্রলয়ের কাছে অনুরোধ করতে শোনা গিয়েছিল, ‘তুমি একটু দেখে দাও।’ পরে মমতা নিজেই একটি সভা থেকে বলেছিলেন, ‘আমি যখন প্রার্থী হয়েছি তখন আমি কাউকে ফোন করে দেখে দেওয়ার কথা বলতেই পারি!’
বিজেপি তখন দেখাতে চেয়েছিল, শুভেন্দুর বিরুদ্ধে মাটি না পেয়ে মমতা বিজেপির লোককে অনুরোধ করছেন দেখে দেওয়ার জন্য। প্রলয় যদিও আগে তৃণমূল করতেন। পরে যোগ দেন বিজেপিতে। নন্দীগ্রামে পঞ্চায়েত ভোট ঘোষণার কয়েক মাস আগেই প্রার্থী তালিকা করে ফেলেছিল বিজেপি। বিরোধী দলনেতার কেন্দ্রে যেন অনেক আগেই দৌড় শুরু করতে চেয়েছিল গেরুয়া শিবির। এটা যেমন একটা দিক তেমন আরএকটি দিক হচ্ছে, আদি-নব্য কোন্দল। অনেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে, কুণাল প্রলয়ের অডিও ক্লিপ তুলে দেখাতে চাইলেন, শুভেন্দুর খাসতালুকে বিজেপি কোন্দলে জর্জরিত।
মমতা সততার সার্টিফিকেট দিয়েছিলেন, টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন মেমারির ঝর্ণা