দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে মাইলফলক!
এ বছরের বিষয় নাকি এতটাই নতুন এবং অভিনব হবে, তা এত দিনের পুজোর ইতিহাসে কখনও দেখেনি কলকাতা।– এমনটাই দাবি করছে নাকতলা উদয়ন সঙ্ঘ।
কী সেই অভিনব বিষয়?
নাকতলা উদয়ন সঙ্ঘের শিল্পী সুশান্ত পাল জানাচ্ছেন, এই বছরের পুজোর থিম হিসেবে এমনই একটা বিষয় বাছা হয়েছে, যেটা খুবই সহজ এবং সাধারণ। “বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত। রোজই ঘটে, রোজই দেখি, রোজই জানি। কিন্তু রোজকার জিনিসেও লুকিয়ে থাকা বার্তাকে খুঁজে বার করাই চ্যালেঞ্জ। আরও বড় চ্যালেঞ্জ, তাকে শিল্পের মাধ্যমে প্রকাশ করা।”—বলছেন সুশান্ত।
বস্তুত, সুন্দরের জন্য বা চমকের জন্য নির্মাণ করা শিল্প এক রকম। কিন্তু খুব সহজ-স্বাভাবিক-সাধারণ বিষয়কে শিল্পীর চোখ দিয়ে দেখে, তাকে চমকদার কোনও শিল্পের আকারে প্রকাশ করাটা মোটেই সহজ নয় বলেই জানাচ্ছেন সুশান্ত। তিনি জানালেন, সাধারণ বিষয়ের অনন্য উপস্থাপনাই এ বছর কলকাতার দুর্গাপুজোকে একটা অন্য মাত্রা দেবে নাকতলা উদয়ন সঙ্ঘ। কিন্তু পুজো বিষয়টা মাথায় রেখে থাকবে খানিকটা আধ্যাত্মিক চিন্তাও। এই চিন্তাই নতুন বার্তা নিয়ে আসবে সমাজে।
আরও পড়ুন: ১০ টন রুপো দিয়ে ৪০ কোটির প্যান্ডেল বানাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার
ব্যস, মুখে কুলুপ আঁটলেন শিল্পী। এর বেশি আর একটি শব্দও বলবেন না নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর বিষয় নিয়ে। বেশ, বিষয় না হয় গোপন থাক। কিন্তু মেটিরিয়াল? এত অভিনব পুজো নির্মাণের মাধ্যম কী হবে? কী দিয়ে নির্মাণ হবে মণ্ডপ?
“এ বছরের বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, সেই তুলনায় মেটিরিয়াল ব্যাপারটা নেহাৎই ইমমেটিরিয়াল।”—বলছেন সুশান্ত। তাঁর দাবি, মেটিরিয়াল নিয়ে নাকি এখনও তেমন কিছু ভেবেই ওঠেননি তিনি। কারণ তাঁর বিশ্বাস, এ বছরের কনটেন্ট বলে বলে গোল দেবে বাকি সব কিছুকে। তাই এই জায়গাটায় আত্মবিশ্বাস এথই দৃঢ়, যে অন্য কিছুই চিন্তা বাড়াচ্ছে না আর।
পুজো উদ্যোক্তারা বলছেন, গত কয়েক বছর ধরেই নাকতলা উদয়ন সঙ্ঘ নিয়ে মানুষের আশা অনেকটা বেড়েছে। প্রতি বছরই বড়সড় কোনও ধামাকার অপেক্ষায় থাকেন তাঁরা। এ বছরেও হতাশ হবেন না কেউ। বরং তাঁরা এটাই বুঝবেন, যে কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এরকম কাজ আগে কখনও হয়নি।
পুজোর আনুমানিক বাজেট ৪০-৫০ লাখ টাকা। যা কিনা বিশাল মাপের পুজোগুলোর তুলনায় তেমন আকাশছোঁয়া কিছু নয়। কিন্তু বাজেট আকাশছোঁয়া না হলেও, পুজোর সঙ্গে জড়িত মানুষগুলির বিশ্বাস, ভাবনার অভিনবত্ব দিয়েই পুজোর আকাশের উজ্জ্বলতম তারা হয়ে থাকবে এই নাকতলা উদয়ন সঙ্ঘই।
তাই তো এই বছর দক্ষিণ কলকাতার এই অন্যতম বিখ্যাত পুজোর ট্যাগলাইন, “নাকতলা উদয়ন সঙ্ঘ, যাকে ধরা যায় না!”