
শেষ আপডেট: 16 June 2022 08:37
দ্য ওয়াল ব্যুরো: এটিএম (ATM) থেকে টাকা তুলতে ছুটছেন দলে দলে মানুষ। কী ব্যাপার? না যত টাকা তুলতে চাওয়া হচ্ছে, তার পাঁচ গুণ (5 Times money) নাকি বেরিয়ে আসছে এটিএম থেকে! অ্যাকাউন্ট থেকে কাটা যাচ্ছে তুলতে চাওয়া টাকাই। অথচ হাতে গরম মিলছে পাঁচ গুণ বেশি টাকা। নাগপুরের (Nagpur) খাপারখেড়া শহরে এই খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে নির্দিষ্ট এটিএমে লাইন পড়ে গেছে টাকা তোলার।
ঠিক কী হয়েছে?
জানা গেছে বুধবার শহরের এক বেসরকারি ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। তিনি ৫০০ টাকা তুলতে চেয়ে এন্ট্রি করেন এটিএমে। কিন্তু তাঁকে চমকে দিয়ে এটিএম মেশিন থেকে বেরিয়ে আসে ৫টি ৫০০ টাকার নোট! চমকে গিয়ে ফের ৫০০ টাকা তোলেন তিনি। আবারও বেরিয়ে আসে ৫টি ৫০০ টাকার নোট। এদিকে তাঁর কাছে এসএমএস আসে, ৫০০ এবং ৫০০ মোট হাজার টাকাই তোলা হয়েছে অ্যাকাউন্ট থেকে।
ঘটনার কথা জানাজানি হতেই ওই এটিএম কাউন্টারের সামনে টাকা তোলার রীতিমতো লাইন পড়ে যায়। বেশ কয়েকজন ব্যক্তি এভাবে টাকা তুলে নেন। এর পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি, তখনই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে এটিএম কাউন্টারটি বন্ধ করে দেয়।
তার পরে জানা যায় আসল কাণ্ড। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি টেকনিক্যাল সমস্যা। সে জন্যই অতিরিক্ত টাকা বেরিয়ে আসছিল ওই কাউন্টার থেকে। এটিএম মেশিনে ১০০ টাকার ট্রেতে ভুল করে ৫০০ টাকার নোট রাখা হয়েছে ভুল করে। ফলে পাঁচটি ১০০ টাকার নোটের বদলে বেরিয়েছে পাঁচটি ৫০০ টাকার নোট।
যাঁরা ইতিমধ্যেই বেশি অঙ্কের টাকা তুলে নিয়েছেন, তাঁদের টাকাগুলি কী করা হবে, সে নিয়ে এখনও কিছু জানা যায়নি ব্যাঙ্কের তরফে।