
শেষ আপডেট: 9 September 2023 09:40
দ্য ওয়াল ব্যুরো: র্যাগিংয়ের থাবা যেন ক্রমশই চওড়া হচ্ছে রাজ্যজুড়ে। নাকি আগেই তা ছিল, শুধু সামনে আসত না, সে প্রশ্ন উঠছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে পড়ে নদিয়ার বগুলার ছাত্রের মৃত্যুর (JU Student death) পর এবার সেই নদিয়ারই এক খ্যাতনামা স্কুলে উঁচু ক্লাসের পড়ুয়াদের বিরুদ্ধে ছোটদের র্যাগিং করার অভিযোগ উঠল (Nadia school ragging)। তাও আবার শিক্ষক দিবসের দিনে।
ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। সূত্রের খবর, গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই ঘটনা ঘটেছে। রীতি অনুযায়ী, এদিন ষষ্ঠ শ্রেণির ক্লাসে তাদের পড়াতে ঢুকেছিল উঁচু ক্লাসের কয়েকজন দাদা। অভিযোগ, সেখানেই ক্লাস সিক্সের এক ছাত্রকে সকলের সামনে জামা প্যান্ট খুলতে বলে 'দাদা'রা। এমনকী, ক্লাসরুমের ভিতর সিগারেট খাওয়ারও অভিযোগ ওঠে।
জানা গেছে, অভিযুক্ত পাঁচ পড়ুয়ার মধ্যে তিনজন দ্বাদশ শ্রেণির এবং দুজন একাদশ শ্রেণির ছাত্র। ঘটনার বিষয়ে অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলার পরেই আগামী এক বছরের জন্য ক্লাসে আসতে নিষেধ করা হয়েছে তাদের।
বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত স্কুলের অন্যান্য ছাত্ররা। তারা জানিয়েছে, নিচু ক্লাসের পড়ুয়াদের উপর উঁচু ক্লাসের ছাত্রদের র্যাগিং-এর অভিযোগ এই প্রথমবার নয়। অনেকেই স্কুলের এই পরিস্থিতিতে ভয়ে ক্লাস করতে যেতে চাইছে না বলে জানিয়েছে।
ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, মোট ৫ জন ছাত্রকে চিহ্নিত করে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তারা ক্লাসে না এলেও বাড়ি থেকে পড়াশোনা করে বোর্ডের পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
এবার সাধের ইলিশেও দুর্নীতি! মুখ্যমন্ত্রীকে চিঠি নিলাম নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীদের