
শেষ আপডেট: 28 July 2022 10:12
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে মেরুদণ্ড। এখনও একটি গুলি শিরদাঁড়ায় বিঁধে রয়েছে। পুলওয়ামার (Pulwama Attack) সেই অভিশপ্ত দিনের স্মৃতি চোখে নিয়েই কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হলেন নবদ্বীপের নিগমপ্রিয় চক্রবর্তী।
অভিযোগ, জঙ্গিদের গুলিতে মারাত্মকভাবে জখম হওয়ার পরেও চাকরি পরবর্তী কোনও সুযোগ সুবিধা পাননি বাংলার এই জওয়ান। চাকরি তো নেই, কোনও বেতনও পান না। এমনকি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের জন্যেও তাঁর নাম বিবেচনা করা হয়নি বলে অভিযোগ। বাধ্য হয়েই তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি (Nadia CRPF Jawan)।
২০১৬ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। ভারতীয় জওয়ানদের গাড়ি লক্ষ্য করে আক্রমণ করেছিল জঙ্গির দল। সেদিন শ্যুটিং প্র্যাকটিস শেষ করে অন্যান্যদের সঙ্গে ক্যাম্পে ফিরছিলেন নিগমপ্রিয়। তিনটি ছোট গাড়ি এবং একটি বাসে ছিলেন তাঁরা সকলে। হঠাৎ ধেয়ে আসে জঙ্গিদের গুলি, বোমা। সিআরপিএফের ৫ জওয়ান পুলওয়ামা হামলায় শহিদ হন।
নিগমপ্রিয় জানিয়েছেন তাঁর বাঁ হাতে একটি গুলি লেগেছিল। কিন্তু গুলিবিদ্ধ অবস্থাতেও হাল ছাড়েননি তিনি। জঙ্গিদের পাল্টা আক্রমণ শানিয়েছিলেন। তাঁর ছোড়া গুলির মুখে আর এগোতে সাহস পায়নি জঙ্গিরা।
কিন্তু সেদিন পর এত বছর কেটে গেলেও এখনও নিগমপ্রিয় চাকরি পরবর্তী কোনও সুবিধে পাননি বলে অভিযোগ। জঙ্গি হামলায় তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে। রোজগার না থাকায় এখন দিন কাটানোই দায় হয়ে পড়েছে তাঁর পক্ষে। তাঁর অভিযোগ, সরকারের তরফে কেউ তাঁর খোঁজখবরও করেনি কখনও।
রাজ্য সরকারের সার্টিফিকেট অনুযায়ী নিগমপ্রিয় চক্রবর্তীর শারীরিক প্রতিবন্ধকতা ৮০ শতাংশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তাঁর বক্তব্য শুনেছেন। আদালতের নির্দেশ, সিআরপিএফ কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করে নিগমপ্রিয় চক্রবর্তীর চিকিৎসা করাতে হবে। জওয়ান হিসেবে তিনি কাজ করতে না পারলে অন্য কোনও অফিসিয়াল দায়িত্ব তাঁকে দিতে হবে। সেই সঙ্গে দিতে হবে বেতনও। এছাড়া গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডের জন্যেও নবদ্বীপের এই জওয়ানের নাম পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুন: অভিষেক-এসএসসি আন্দোলনকারীদের ফোনে কথা, কাল দেখা করার সম্ভাবনা