
শেষ আপডেট: 24 October 2022 03:06
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: আলোর উৎসবের শুরুতেই আঁধার নামল পরিবারে। পারিবারিক দীক্ষাগুরুর (spiritual guide) কাছেই শ্লীলতাহানির (molested) শিকার হল মাত্র ৮ বছর বয়সি শিশু।
ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia)চাকদহ থানার শিমুরালি এনায়েতপুর এলাকায়। অভিযুক্ত নাম অনন্ত দে। তার কাছে শিশুটির পরিবারের লোকজন দীক্ষা গ্রহণ করেছিল বলে জানা গেছে। সূত্রের খবর, রবিবার ৮ বছর বয়সি শিশুটি নিজের দাদাকে ডাকার জন্য বাড়ির বাইরে বেরিয়ে ছিল। সেই সময় তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত অনন্ত দে। সেখানেই সে শিশুটির শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
বাড়ি ফেরার পর কাঁদতে কাঁদতে নিজের বাবা-মাকে সমস্ত কথা খুলে বলে শিশুটি। তার কথা শুনে স্তম্ভিত হয়ে যান শিশুটির বাবা-মা। তবে দেরি না করে তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে চাকদহ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অনন্ত দে নামে ওই দীক্ষাগুরুকে গ্রেফতার করেছে চাকদাহ থানার পুলিশ।
নির্যাতিত শিশুটির বাবা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির থেকে পরিবারের সকলে দীক্ষা নিয়েছিলেন। 'এখন দেখছি গুরু হওয়ার মতো কোনও যোগ্যতা ওর নেই। আমরা ওর কঠোর শাস্তি চাই,' দাবি শিশুটির বাবার।
ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন তার মা। ক্রমাগত কেঁদেই চলেছে সে। দীক্ষাগুরুর এমন কীর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দীপাবলির আগেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ভদ্রেশ্বরে নিজের ফ্ল্যাটে পুড়ে মৃত্যু বৃদ্ধার