
শেষ আপডেট: 17 March 2023 15:38
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই উপনির্বাচন ছিল মুর্শিদাবাদের সাগদরদিঘি (Sagardighi) বিধানসভা কেন্দ্রে। সেই আসনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। ফল প্রকাশের এক মাসও হয়নি, তার আগেই উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার-সহ আরও ৩ জন আমলাকে বদলির নির্দেশ দিল নবান্ন।
তবে শুধু সাগরদিঘিতেই নয়, শুক্রবার রাজ্যজুড়ে মোট ৮০ জন ডব্লুবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ (WBCS officers transfer) দেওয়া হয়েছে। তাঁদের মধ্যেই নাম রয়েছে সাগরদিঘি উপনির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার দিব্যেন্দু মজুমদারের। তিনি এতদিন মুর্শিদাবাদের ডেপুটি ডিএল অ্যান্ড এলআরও পদে থাকলেও এখন থেকে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব সামলাতে হবে তাঁকে।
বদলি করা হয়েছে সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়কেও। তাঁকে নদিয়ার কল্যাণীর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রশিক্ষণ কেন্দ্রের ওএসডির দায়িত্ব দেওয়া হয়েছে। সুরজিৎ চট্টোপাধ্যায়ের জায়গায় আনা হয়েছে দার্জিলিংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট সঞ্জয় শিকদারকে।
এছাড়া রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বিডিও সৌরভ বোসকে দার্জিলিংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেটের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে কার্শিয়াংয়ের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট দেবোত্তম সরকারকে।
মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণ চন্দ্র মুণ্ডাকে বদলি করা হয়েছে পূর্ব বর্ধমানে। তাঁর জায়গায় আসছেন চন্দননগর সাবডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরেট সুজিত চন্দ্র লোধ।
এছাড়াও বদলি করা হয়েছে জলপাইগুড়ির পুলিশ সুপারকেও।
তবে শুধু সাগরদিঘি কিংবা মুর্শিদাবাদ জেলাতেই আমলাদের বদলি করা হয়েছে এমনটা নয়। রাজ্যজুড়ে ৮০ জন ডব্লুবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের দাবি, এই ঘটনা প্রশাসনের রুটিন বদলি। তবে তা মানতে নারাজ বিরোধী দল। বিরোধী শিবিরের কটাক্ষ, উপনির্বাচনে হারের জেরেই হিসেবেই এই বদলি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, সাগরদিঘিতে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন বলেই একের পর এক বদলির নির্দেশ দিচ্ছেন তিনি। উপনির্বাচনের ফল ঘোষণার ৭ দিনের মধ্যেই জঙ্গিপুরের এসপি ভোলা পাণ্ডেকে ক্লোজ করেছিল নবান্ন। সেই প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু বলেন, 'সাগরদিঘিতে হেরে গিয়ে ভোলা পাণ্ডেকে ক্লোজ করলেন। আজ ৮০ জন বিডিওর বদলির অর্ডার দেখবেন, তাতে এক নম্বরেই রয়েছে সাগরদিঘির নাম। কারণ ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন।'
বিজেপি সরকার ক্ষমতায় এলে তিনি বদলি হওয়া বিডিওকে মুখ্যমন্ত্রীর দফতরে কাজ দেবেন বলেও ঘোষণা করেছেন।
সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস জানিয়েছেন, প্রশাসনিক রদবদল নিয়ে তিনি মন্তব্য করতে চান না। 'তবে যদি ভোটের কারণে এই বদলি হয়ে থাকে তবে তা নিঃসন্দেহে খুব খারাপ ব্যাপার,' দাবি তাঁর।
এদিকে শুক্রবার কালীঘাটে বৈঠকেও সাগরদিঘির প্রসঙ্গ ওঠে। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বেশ কয়েকজন নেতা মন্ত্রীকে ধমকও দেন। সূত্রের খবর মমতা বলেন, ওই নির্বাচনে দলের কেউ কেউ পক্ষপাতিত্ব করেছে। এদিন মুর্শিদাবাদের তৃণমূলের দুই সাংসদ খলিলুর রহমান ও আবু তাহেরকে উদ্দেশে করে তৃণমূল নেত্রী বলেন, 'তোমরা নাকি অধীরের সঙ্গে যোগাযোগ রাখছ।' শুধু তাই নয় এদিনের বৈঠকে আরও কয়েকজন নেতাকে এই নিয়ে সাবধানও করেন। সেই তালিকায় আছেন ইদ্রিস আলি ও আখরুজ্জামানও।
ইদ্রিস-আখরু ট্রেনে যেতে যেতে বলছিলেন তৃণমূল হারবে, বেজায় ধমক মমতার