দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বারের জন্য নবান্নের চেয়ারে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোভিড মোকাবিলাই তাঁর একমাত্র লক্ষ্য। সেই মতো লকডাউন না ঘোষণা করলেও রাজ্য জুড়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর দেখা গেছে বাংলার কোভিড গ্রাফ ধীরে ধীরে নীচের দিকে নেমেছে।
তবে এখনও সংকট কাটেনি। দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও এদিনও দেখা গেছে রাজ্যে আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থতার সংখ্যা বেশ কম। আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। এমন অবস্থায় কোভিড মোকাবিলায় নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে রাজ্য সরকারের তরফে।
রাজ্যের ১০ জেলায় করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য সিনিয়র আইএএস অফিসারদের নিয়োগ করেছে নবান্ন। বলা হয়েছে, এঁরা প্রত্যেকে সংশ্লিষ্ট জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন। তারপর কোভিড মোকাবিলায় প্রয়োজনীয় উপদেশ দেবেন, বা পদক্ষেপ করবেন।
কোন কোন জেলায় নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে? তালিকায় রয়েছে নদিয়া, হাওড়া, জলপাইগুড়ি, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা পুরসভা, দার্জিলিং, উত্তর ২৪ পরগনা, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনা।
মনে করা হচ্ছে স্বাস্থ্য দফতর প্রকাশিত রোজকার বুলেটিন দেখেই এই জেলা গুলর কথা ভাবা হয়েছে। যে সমস্ত জেলায় কোভিডের প্রকোপ তুলনামূলক কম, সেখানেই নতুন করে নোডাল অফিসার নিয়োগ করেছে নবান্ন।
বলা হয়েছে, এই সমস্ত অফিসাররা অবিলম্বে সংশ্লিষ্ট জেলায় সশরীরে উপস্থিত হবেন। সেখানকার করোনা পরিস্থিতি বিবেচনা করে তাঁরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। সেখানে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। প্রতিদিনের কাজের রিপোর্ট তাঁদের দেখাতে হবে রাজ্যের টাস্কফোর্সকে। এই টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দরকার হলে নির্দিষ্ট এলাকায় নতুন করে বিধিনিষেধ আরোপ করতেও পারবেন অফিসাররা।
কোভিড মোকাবিলায় নবান্নের এই পদক্ষেপে আরও একবার রাজ্য সরকারের তৎপরতা সামনে এল।