দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো কালীপুজোর পাট চুকেছে, ভাইফোঁটাও মিটে গেছে। অক্টোবর নভেম্বরের উৎসবের মরশুম প্রায় শেষ। খাতায় কলমে ফের শুরু হয়েছে কাজের পালা। ছুটির রেশ কাটীয়ে তৎপর হয়ে উঠেছে নবান্নও (Nabanna)।
সূত্রের খবর, সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের উদ্দেশে বার্তা দিয়েছেন। পুজো উপলক্ষ্যে লম্বা ছুটির পর ফের জোরকদমে যাতে সরকারি কাজকর্ম শুরু হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। বলা হয়েছে, সরকারি প্রকল্পের কাজ আবার করে ঝালিয়ে দেখতে।
মুখ্যসচিব স্পষ্ট করে জেলাশাসকদের বলেছেন, পুজো-পরবর্তী এই সময়ে সরকারি কর্মচারীরা এখন কোনও বাড়তি ছুটি পাবেন না। সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ কর্মচারী সকলের জন্যেই এই নির্দেশ প্রযুক্ত হবে।
রাজ্য সরকারের ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্য সাথী’র মতো একাধিক প্রকল্পের কাজ চলছে। পুজোর ছুটিতে তা সাময়িকভাবে বন্ধ ছিল। যথাযথ তৎপরতার সঙ্গে সেইসমস্ত কাজ আবার যাতে শুরু হয়ে যায়, সেই নির্দেশ এদিন জেলাশাসকদের দিয়েছেন মুখ্যসচিব। ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর যেখানে যত টাকা আটকে আছে তা দ্রুততার সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে শীঘ্রই।