
শেষ আপডেট: 22 September 2023 02:38
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: চৈতন্যদেবের নবদ্বীপে তৈরি হচ্ছে প্রায় চল্লিশ ফুটের শিবমূর্তি (Nabadwip 40 Ft Shiva Idol)। আদি যোগীর এই মূর্তি পাড়ি দেবে ভিনরাজ্য ত্রিপুরায়।
নবদ্বীপ শহরের কপালীপাড়া এলাকায় মৃৎশিল্পী গৌতম পাল ও তাঁর ১৫ জন সহযোগীর হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে এই মূর্তি। গৌতমবাবু জানান, বংশ পরম্পরায় এই পেশায় রয়েছেন তিনি। আগেও তাঁর হাতে তৈরি দেব-দেবীর মূর্তি বিদেশে পাড়ি দিয়েছে। তবে এমন বিশালাকার আদি যোগীর মূর্তি এই প্রথমবার তৈরি করেছেন। প্রায় দু-মাস ধরে এই মূর্তি তৈরির কাজ চলছে।
নবদ্বীপ ও পার্শ্ববর্তী এলাকার মোট ১৫ জন মৃৎশিল্পী রোজ কাজ করে চলেছেন। প্রথমে বাঁশের বাতা দিয়ে কাঠামো করে মাটি ব্যবহার প্রায় শেষ করে ফেলেছেন। এখন চলছে প্যারিসের কাজ। শিল্পী বলেন, ‘‘মূর্তিটি কয়েকটি খণ্ডে বিভক্ত করে তৈরি করা হচ্ছে। যাতে ভিনরাজ্যে পাঠাতে সুবিধা হয়।’’
এত বড় মূর্তি তৈরি হতে দেখে পথচলতি মানুষদের অনেকেই হাজির হচ্ছেন। তিনি জানান, রং -সহ বাকি কাজ ত্রিপুরাতে মণ্ডপে বসিয়ে করা হবে। আগামী সপ্তাহেই এই মূর্তি পাড়ি দিচ্ছে ভিনরাজ্যে। মূর্তি তৈরির আনন্দের পাশাপাশি আক্ষেপও শোনালেন গৌতম। বললেন, ‘‘কাজকে ভালবেসে করে চলেছি। এখন কোনও ঠাকুর তৈরিতেই আমাদের তেমন মুনাফা থাকে না, মেলে না কোনও সরকারি সাহায্য বা সুযোগসুবিধাও। রাজ্য সরকার পুজো কমিটিগুলোর অনুদান বৃদ্ধি ঘটালেও আমাদের কোনও লাভ হয়নি, মূর্তি তৈরির কাঁচামাল সহ মজুরি সবই বেড়ে গেছে। তার ওপর এখন যে রং ব্যবহার করা হয়, তা পরিবেশবান্ধব হওয়ায় দামও বেশি। সব মানিয়ে নিয়েই চলতে হচ্ছে আমাদের।’’
কিন্তু নবদ্বীপ থেকে ভিনরাজ্যের এত বড় বরাত কীভাবে? গৌতম পাল জানান নবদ্বীপের এক মণ্ডপ শিল্পী কমল সাধুখাঁ এবছর ত্রিপুরাতে একটি পুজো মণ্ডপ তৈরি করছেন তামিলনাড়ুর থিরুনামে আদিযোগীর মন্দিরের আদলে। আর তাঁর মাধ্যমেই এই কাজের বরাত।
কোয়েম্বাটুরের থিরুনামে ইস্পাতের তৈরি আদিযোগী শিব মূর্তি বিশ্বের ‘সৰ্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য’ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তুলেছে। এবার নবদ্বীপের শিল্পীদের হাতে সেই আদি যোগীর মণ্ডপের আদলে মণ্ডপ ও মূর্তি ত্রিপুরায় সবার নজর কাড়ার অপেক্ষায়। প্রহর গুনছেন শিল্পীরাও।
আরও পড়ুন: ভারতসেরা হল বাংলার কিরীটেশ্বরী, সতীপীঠ ছাড়া আর কী কী আছে সেখানে