প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ আকাশের দিকে তাকাতেই হঠাৎ একটি উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে। সেই আলো গতিতে এগিয়ে গিয়ে আকাশেই মিলিয়ে যায়।

আলোর পিণ্ড
শেষ আপডেট: 19 December 2025 00:24
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরবঙ্গের আকাশে হঠাৎই দেখা গেল এক অস্বাভাবিক দৃশ্য। আচমকা বিকট শব্দের সঙ্গে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোর ঝলক (Meteor sighting)। মুহূর্তের মধ্যেই আলোটি উত্তর দিক থেকে দক্ষিণের দিকে ছুটে যায়। সঙ্গে সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি (Jalpaiguri news) ও শিলিগুড়ি (Siliguri News) সংলগ্ন একাধিক এলাকায়, যার জেরে চমকে যান স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ আকাশের দিকে তাকাতেই হঠাৎ একটি উজ্জ্বল আলোর রেখা চোখে পড়ে। সেই আলো গতিতে এগিয়ে গিয়ে আকাশেই মিলিয়ে যায়। অনেকেই প্রথমে ভেবেছিলেন, হয়তো কোনও ক্ষেপণাস্ত্র বা বিমান দুর্ঘটনা ঘটেছে। আবার কারও মনে হয়, এটি কোনও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা।
ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে (Meteor sighting)। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন, অনেকেই অধীর আগ্রহে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ উল্কাপাতের সম্ভাবনার কথাও বলেন।
জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, প্রাথমিক তদন্তে এটিকে উল্কাপাত (Meteor sighting) বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর আগে এমন দৃশ্য তাঁরা কখনও দেখেননি। আকাশে আলোর এমন ছুটে চলা আর সেই সঙ্গে বিকট শব্দ, সব মিলিয়ে বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত রহস্যজনক লেগেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "হঠাৎ একটা বিস্ফোরণের মতো শব্দ হল। গোটা বিল্ডিং কেঁপে উঠল, মনে হল এখনই ভেঙে পড়বে।' পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এলাকাবাসীদের। এই ঘটনার পর গোটা উত্তরবঙ্গ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অজানা আকাশচর ঘটনা।