
শেষ আপডেট: 15 October 2022 07:32
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাড়িতে আপত্তি করার পরেও পালিয়ে গিয়েছিল দু'জন। যেই কারণে পরে ধরা পড়ে জেলও খাটতে হয়েছিল। কিন্তু এতকিছুর পরেও যুগলের একে অপরের প্রতি ভালবাসা একটুকুও কমেনি। শেষ অবধি করুণ পরিণতির শিকার হল দু'জন। বাঁশ বাগানে উদ্ধার হল প্রেমিক-প্রেমিকার (couple) ঝুলন্ত মৃতদেহ। এই রহস্যমৃত্যুর (Mysterious death) ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালে (Haripal)।
শনিবার সাতসকালে হরিপালের হামিরাগাছি ব্রাহ্মণপাড়ায় একটি বাঁশ বাগানের ভিতর যুগলকে একই দড়িতে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হরিপাল থানার পুলিশ। প্রাথমিক অনুমান, দু'জনের দীর্ঘদিনের সম্পর্কে আপত্তি ছিল বাড়ির লোকের। তাই এরা আত্মহত্যা করেছে।
জানা গেছে, ২০২০ সালে দু'জনে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এদিকে মেয়েটি তখনও নাবালিকা। তাই ওর পরিবার থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করে দেয়। এরপরই তল্লাশি চালিয়ে পুলিশ দু'জনকেই উদ্ধার করে। ধরা পড়ার পর তিনমাস জেল খাটে যুবক।তবে এত কিছুর পরেও দু'জনের সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল।
জানা গেছে মাঝেমধ্যেই এক আত্মীয়ের বাড়িতে গিয়ে থাকত নাবালিকা। গত চার দিন আগে তেমনই বাড়ি থেকে বেরিয়েছিল। আর শনিবার সকালে হামিরাগাছি ব্রাহ্মণপাড়ায় বাঁশবাগানে একই দড়িতে যুগলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার বাসিন্দারা। খবর পেয়ে হরিপাল থানার পুলিশ গিয়ে দু'জনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মুদির দোকানের আড়ালে রমরম করে চলছিল মদের কারবার, তুমুল বিক্ষোভ গ্রামের মহিলাদের