
শেষ আপডেট: 10 July 2023 14:16
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভা নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন সংখ্যালঘু মুসলমান প্রার্থীর মুখ (Muslim Face) খুঁজছেন তা কদিন আগে একমাত্র লিখেছিল 'দ্য ওয়াল'। সোমবার রাজ্যসভা ভোটে প্রার্থী তালিকা (TMC Rajyasabha Candidate List) ঘোষণা করল তৃণমূল। দেখা গেল, দ্য ওয়ালের খবরই সঠিক প্রমাণিত হয়েছে।
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলামকে রাজ্যসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল। সামিরুলের বাড়ি বীরভূমে। তিনি গড়িয়ায় দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কেমিস্ট্রির অধ্যাপক। সেই সঙ্গে সমাজকর্মীও বটে। এনআরসি এবং নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলনের মুখ ছিলেন সামিরুল। একুশে বিধানসভা ভোটের সময়ে ‘নো ভোট টু বিজেপি’ প্রচারের অন্যতম উদ্যোক্তাও ছিলেন সামিরুল।
এদিন প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর সামিরুল দ্য ওয়ালকে বলেন, “আমি তৃণমূলের সঙ্গে কখনও সরাসরি যুক্ত ছিলাম না।” তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে আপনার সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন? জবাবে সামিরুল বলেন, “হ্যাঁ উচ্চস্তর থেকে যোগাযোগ করা হয়েছিল।”
সামিরুল 'দ্য ওয়াল'কে বলেন, “সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন ছাড়াও পরিযায়ী শ্রমিক ও অনগ্রসর শ্রেণির জন্য আমি কাজ করার চেষ্টা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বড় দায়িত্ব দিলেন। তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব।”
একুশের ভোটের পর বিবিধ ঘটনায় তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছর হাওড়ার আমতায় আনিস খানের মৃত্যুর ঘটনা নিয়ে সংখ্যালঘুদের মধ্যে প্রথম ক্ষোভ তৈরি হয়েছিল। তার পরই ঘটে যায় বগটুইয়ে গণহত্যার ঘটনা। সামিরুল সেই বগটুইয়ের গণহত্যার তীব্র নিন্দা করেছিলেন। বলেছিলেন, “যে জেলায় বাউলের একতারার সুর জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে ভালবাসতে শেখায়, সেই জেলায় বোমা-বন্দুক মানায় না।”
এই প্রশ্ন প্রাসঙ্গিক। কারণ পঞ্চায়েত ভোটেও দেখা গিয়েছে যে, তৃণমূল সবচেয়ে বেশি প্রতিরোধের মুখে পড়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতেই। তা সে মুর্শিদাবাদ হোক বা মালদহ, দিনাজপুর বা চোপড়া, ভাঙড়। পঞ্চায়েত ভোটে এই সব জায়গাতেই তৃণমূলের সবচেয়ে বেশি কর্মী খুন হয়েছেন।
জোড়াফুলের শীর্ষস্তরে আশঙ্কা সংখ্যালঘুদের একাংশকে তৃণমূলের বিরুদ্ধে খেপিয়ে তুলতে বিজেপিও তলেতলে কলকাঠি নাড়ছে। শাসক দলের সরাসরি অভিযোগ নওসাদ সিদ্দিকিদের সঙ্গে যোগাযোগ রয়েছে শুভেন্দু অধিকারীদের।
সোমবার এই সব প্রশ্নের জবাবে সামিরুল ইসলাম বলেন, “শুধু ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের জন্য কাজ করব, তা নয়। আদিবাসী, কুড়মি সমাজ, অনগ্রসর সবার জন্যই কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়াদের আর্থসামাজিক সুরক্ষার জন্য যে পদক্ষেপ করছেন, তার সঙ্গে আরও বেশি মানুষকে যুক্ত করার চেষ্টা চালাব।”
অধীর হাইকোর্টে এলেন, পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে মামলা করলেন কংগ্রেস সাংসদ