
কেন্দ্রীয় বাহিনী।
শেষ আপডেট: 2 May 2024 18:44
দ্য ওয়াল ব্যুরো: মোটের ওপর প্রথম দু'দফার ভোটকে ঘিরে বড় অশান্তির ঘটনা ঘটেনি। নেই বড় কোনও অভিযোগও। তৃতীয় দফাতেও শান্তির ভোট করাতে চাইছে কমিশন।
আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে রাজ্যের চারটি আসনে। এগুলি হল- মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে।
কোন কোন এলাকায় অশান্তির সম্ভাবনা রয়েছে, কোথায় কত ফোর্স মোতায়েন করা হবে, তা নিয়ে বৃহস্পতিবার জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং ফোর্স কো-অর্ডিনেটর বি কে শর্মাও।
সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদ জেলা নিয়ে বাড়তি সতর্কতার কথা বার বার উঠে এসেছে বৈঠকে। কারণ, ভোট ঘোষণার পর থেকে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় গন্ডগোল হয়েছে। সেই সমস্ত এলাকায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রক্তপাত কিংবা বোমাবাজির ঘটনা যাতে না ঘটে জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম থেকে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন সবটা যাতে ঠিকঠাক হয় তা দেখে নিতে বলা হয়েছে।
সূত্রের খবর, মুর্শিদাবাদ ও জঙ্গীপুর লোকসভা নিয়ে বাড়তি নজরদারি থাকবে কমিশনের। কমিশন চাইছে তৃতীয় দফাতেও যেন কোনও বড় অভিযোগ না ওঠে।
কমিশন সূত্রের খবর, তৃতীয় দফায় ৪ আসনের জন্য মোট ৩৩৪ কোম্পানি ফোর্স মোতায়েন করা হবে। এর মধ্যে মালদহ উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১৪৪ কোম্পানি বাহিনী থাকবে। তৃতীয় দফায় শুধু মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে। দুই আসনের জন্য ১৯০ কোম্পানি। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে- ১১৪ কোম্পানি, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে- ৬৪ কোম্পানি ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে- ১২ কোম্পানি ফোর্স থাকবে।