
শেষ আপডেট: 8 July 2023 07:09
দ্য ওয়াল ব্যুরো: ভোট দিতে গিয়ে নদিয়ার চাপড়ায় খুন (Murder) এক তৃণমূল কর্মী। নিহতের নাম, হামজার আলি হানসানা(৫২)। স্থানীয় সূত্রের খবর, ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন হামজার। তখনই আচমকা অশান্তি শুরু হয়। তাতেই মৃত্যু (Murder) হয়েছে তৃণমূল কর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তবে বোমা না গুলি, ঠিক কী কারণে মৃ্ত্যু তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
অন্যদিকে হরিণঘাটা ব্লকের বৈকারা ২০৩ নম্বর বুথে বোমাবাজির ঘটনা। ঘটনায় আহত চারজন। এদের মধ্যে গুরতর আহত বিজেপির এক কর্মী। নাম, সৈয়দুল শেখ। আহত হয়েছেন আরো ৩ জন। বিজেপির অভিযোগ, মানুষের ভোট দান আটকাতেই বোমা মেরেছে তৃণমূল। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি ভোটদানে বাধা দিয়েছে। তারাই বোম মেরেছে। তাদের ছোঁড়া বোমেই আহত হয়েছেন সৈয়দুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
বস্তুত, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সুষ্ঠু ও অবাধ ভোট করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবু ভোট শুরু হতেই দেখা গেল অন্য ছবি। শনিবার সকাল ৭টায় পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) ভোট গ্রহণ শুরু হতেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হিংসা ও অশান্তির (Chaos) খবর আসতে শুরু করে। সকাল থেকেই বাড়ছে মৃতের সংখ্যা। মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। চলছে গুলি। কোথাও বুথ দখল করে প্রিসাইডিং অফিসারদের বসিয়ে রেখে ছাপ্পা দেওয়ার অভিযোগ। আবার কোথাও বা ছাপ্পা রুখতে ব্যালট বাক্স পুকুরে ফেলে দিলেন গ্রামবাসীরাই। সবমিলিয়ে তেইশের পঞ্চায়েত ভোট ফিরল সেই পুরনো সন্ত্রাসের ট্রাডিশনেই।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের সকালে চার ঘণ্টায় খুন ৭, তৃণমূলেরই ৫ জন, রাজ্যজুড়ে হিংসা-অশান্তির ছবি